প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৫ , ১০:২৩:০৭ প্রিন্ট সংস্করণ
মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

বান্দরবান জেলার উপজেলাগুলোতে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে সুপেয় পানি সরবরাহ প্রকল্পের আওতায় বান্দরবান সদর উপজেলার আর্মি পাড়া ও তৎসংলগ্ন এলাকায় দীর্ঘদিনের সুপেয় পানির কষ্ট লাঘবের বিষয়টি বিবেচনা করে বান্দরবান সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি এর নেতৃত্বে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক কমিউনিটি বেইজড পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম প্রজেক্ট বাস্তবায়ন করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।
এই স্কিমের আওতায় গভীর নলকূপ থেকে পানি রিজার্ভার এ জমা হবে, সেখান থেকে পাইপের মাধ্যমে ৫টি পানির কলের মাধ্যমে সুপেয় পানি পাওয়া যাবে। এই পাঁচটি পানির কলের মধ্য থেকে বান্দরবান সদরের পৌর এলাকার আর্মি পাড়ায় ২টি এবং স্থানীয় মসজিদেও দুইটি পানির কলের মাধ্যমে পানি সরবরাহ হবে। এছাড়াও উপজেলা পরিষদে আগত সেবা প্রার্থীদের পানির কষ্ট লাঘবের উদ্দেশ্যে একটি পানির কল পরিষদ প্রাঙ্গনে ও উন্মুক্ত রাখা হয়েছে।
৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে বান্দরবান সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি আর্মি পাড়ায় প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন এবং সুপেয় পানির সরবরাহ কার্যক্রম উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার জানান, স্থানীয় মানুষের সুপেয় পানির চাহিদা বিবেচনা করেই এই সেবা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে এবং এই সেবা কার্যক্রমের ব্যবস্থাপনা ও নিরাপত্তার দায়িত্ব আমাদের সবার। এসময় তিনি আরো বলেন, এই প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হলে সদর উপজেলা পরিষদ, আর্মি পাড়া ও তৎসংলগ্ন এলাকার সুপেয় পানির সংকট কিছুটা হলেও লাঘব হবে এবং স্থানীয় মানুষের দীর্ঘদিনের সুপেয় পানির চাহিদাও পূরণ হবে।
এসময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর উপ-সহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্ত পুলু প্রু,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিথেন চাকমাসহ বান্দরবান সদরসহ স্থানীয় সুফলভোগী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: বান্দরবান জেলা সদরের বিভিন্নস্থানে সুপেয় পানির তীব্র সংকট রয়েছে আর এরই প্রেক্ষিতে উপজেলা পরিষদ এর পার্শ্ববতী আর্মিপাড়ায় দীর্ঘদিন ধরে পানির সংকট এমন সংবাদ ও এলাকাবাসীর চাহিদার ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অত্যন্ত আন্তরিকতার সাথে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর মাধ্যমে পানির চাহিদা পূরণের জন্য কমিউনিটি বেইজড পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম প্রজেক্ট বাস্তবায়ন করেছে,আর এই প্রকল্পের মাধ্যমে এলাকার পানির চাহিদা অনেকটাই পূরণ হবে বলে আশাবাদ স্থানীয় বাসিন্দাদের।

















