তথ্যকণিকা

গাইবান্ধার সাঁকোয়ায় EPZ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ১ নভেম্বর ২০২৫ , ৫:০৭:২৮ প্রিন্ট সংস্করণ

শাহারুল ইসলাম, গাইবান্ধা:

গাইবান্ধার সাঁকোয়ায় EPZ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর শনিবার বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিকেল ৩টায় গাইবান্ধার সাঁকোয়া ব্রিজ এলাকায় জড়ো হয়েছিলেন হাজারো মানুষ। দীর্ঘদিন ধরে অবহেলিত এই জেলার সার্বিক অগ্রগতির প্রত্যাশায় তারা একত্রিত হন EPZ (Export Processing Zone) প্রতিষ্ঠার দাবিতে ঢোলভাঙ্গা এলাকাবাসীর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ কর্মসূচি পরিণত হয় জনতার আবেগময় গণজাগরণে।

এ্যাড. হেলাল উদ্দিন মন্ডলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, ‘সাঁকোয়া ব্রিজ ইপিজেড বাস্তবায়ন মঞ্চ, গাইবান্ধা’র আহ্বায়ক এ্যাড. কুশলাশীষ চক্রবর্তী, গাইবান্ধা জলবায়ু ও পরিবেশ আন্দোলনের আহ্বায়ক এ্যাড. মোহাম্মদ আলী প্রামানিক, মানবাধিকার সংরক্ষণ পরিষদ গাইবান্ধার সভাপতি কাজি আব্দুল খালেক, সেক্রেটারি সাইদা আক্তার, এ্যাড. শাহনেওয়াজ খান, আইনজীবী সহকারী আব্দুল হাই, পরিতোষ সরকার রিপু, শাহ রুমন, রেজওয়ান, সুজা, আব্দুল মজিদ, মানবাধিকার কর্মী আবু তাহের তালুকদারসহ নানা শ্রেণিপেশার মানুষ।

এতে বক্তারা বলেন, গাইবান্ধা জেলা একসময় ছিল ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র, কিন্তু আজ অর্থনৈতিক কর্মকাণ্ড আশেপাশের জেলার তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে। সাঁকোয়ায় ইপিজেড প্রতিষ্ঠা হলে শুধু গাইবান্ধাই নয়, পার্শ্ববর্তী জেলা ও উপজেলার অর্থনীতিতেও গতি আসবে।

তারা উল্লেখ করেন, গাইবান্ধার সাবেক জেলা প্রশাসক ড. কাজী আনোয়ারুল হক সাঁকোয়া ব্রিজ সংলগ্ন এলাকায় ইপিজেড স্থাপনের একটি কার্যকর প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিলেন। সেই প্রস্তাব জেলার মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছিল। কিন্তু পরবর্তীতে কিছু কুচক্রী মহল প্রস্তাবটি ভিন্ন খাতে প্রবাহিত করে বাগদাফার্ম সাঁওতাল পল্লীর মতো বিতর্কিত স্থানে ইপিজেড স্থাপনের চেষ্টা চালায়, যা স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর তীব্র বিরোধিতার মুখে পড়ে।

বক্তারা দৃঢ়ভাবে বলেন, সাঁকোয়া ব্রিজ এলাকা গাইবান্ধার ভৌগোলিক কেন্দ্র বিন্দু। এখানেই ইপিজেড হলে জেলার সাতটি উপজেলা—সুন্দরগঞ্জ, সাঘাটা, সাদুল্লাপুর, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জসহ পার্শ্ববর্তী জেলার মানুষ কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ পাবেন। নিকটবর্তী রেলপথ, সড়কপথ, নৌপথ এবং হেলিপ্যাড সুবিধার কারণে বিনিয়োগকারীরাও এখানে আগ্রহী হবেন।

মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ বলেন, “গাইবান্ধার তরুণ প্রজন্ম আর বেকার থাকতে চায় না। উন্নয়নের সুযোগ অন্য জেলায় চলে যাক এটা মেনে নেওয়া যায় না। আমরা চাই সাঁকোয়া ব্রিজেই হোক গাইবান্ধার ইপিজেড।” বৃষ্টি উপেক্ষা করে উপস্থিত জনতার কণ্ঠে একটাই স্লোগান ধ্বনিত হয়— “গাইবান্ধার উন্নয়ন চাই, সাঁকোয়াতে ইপিজেড চাই!”#

আরও খবর

Sponsered content