তথ্যকণিকা

গোবিন্দগঞ্জে চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় ৩’শ থেকে সাড়ে ৩’শ জনের বিরুদ্ধে মামলা

  প্রতিনিধি ৩ নভেম্বর ২০২৫ , ৪:৪১:০৭ প্রিন্ট সংস্করণ

শাহারুল ইসলাম, গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ৩’শ থেকে সাড়ে ৩’শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ২ নভেম্বর রোববার রাত আড়াইটার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ৩ জনের মধ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামপাড়া গ্রামের মালিব্বর মিয়ার ছেলে কাউসার আলী (৩২) এর পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় সনাক্ত করার চেষ্টা করছে রংপুর রেঞ্জের সিআইডির ক্রাইম সিনের একটি ইউনিট। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রশিদুল বারী ও থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সীমান্তবর্তী মাজার এলাকার হেলালীপাড়ায় জনৈক আব্দুস সালামের বসতবাড়ীর পার্শ্বে পাকা গোয়াল ঘরের দেওয়াল ভেঙ্গে ৩টি গরু চুরি করে পিকআপে নিয়ে যাওয়ার সময় বাড়ীর লোকজন চুরির বিষয়টি টের পেয়ে চিৎকার-চেঁচামেচি করলে প্রতিবেশীরা ছুটে আসে। তখন সবাই মিলে লাঠিসোঁটা হাতে পিকআপের পিছনে তাদের ধাওয়া করলে তারা পার্শ্ববর্তী নাসিরাবাদ গ্রামের দিকে পালিয়ে যায়। সেখানে এলাকাবাসীর বাঁধার মুখে পিকআপ থেকে ৩ জন রাস্তার পাশে পুকুরে ঝাঁপ দিলেও গরুসহ পিকআপটি পালিয়ে যায়। এসময় শত শত উত্তেজিত জনতা ইট পার্টকেল ছুড়ে তাদের পুকুর থেকে তুলে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই দুই চোর নিহত হয় এবং অপর একজন গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ সহ আহত একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গাইবান্ধা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রশিদুল বারী বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। একজনের নাম পরিচয় পাওয়া গেলেও অপর দুইজনের পরিচয় নিশ্চিত হতে ডিএনএ টেস্ট করা হবে। তিনজনকে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সাধারণ জনগণ বলছে এই মামলা হওয়ার পর এলাকায় একটা আতঙ্ক বিরাজ করছে কখন পুলিশ কাকে ধরে।

আরও খবর

Sponsered content