প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৬ , ২:১৮:২০ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার অধিকাংশ হাট-বাজারে গবাদি পশু জবাই এবং মাংস বিক্রির ক্ষেত্রে সরকারি বিধিনিষেধ মানা হচ্ছে না। ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই যত্রতত্র নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে গরু, মহিষ, ছাগল ভেড়া জবাই করা হচ্ছে। ফলে জনস্বাস্থ্যর উপর বিরূপ প্রভাব পড়ছে। অথচ সরকারি বিধান আছে মাংস বিক্রির উদ্দেশ্যে কোনো পশু জবাই করতে হলে সেটি জবাই করার আগে সম্পূর্ণ রোগমুক্ত কিনা এবং মাংস স্বাস্থ্যসম্মত কিনা তা একজন সরকারি পশু ডাক্তার দ্বারা পরীক্ষা করিয়ে নিতে হবে। পরীক্ষা করা পশু জবাই ও খাওয়ার উপযোগী বিবেচিত হলে তবেই সেটি আনুমোদিত কোনো কসাইখানায় নিয়ে জবাই করতে হবে। কিন্তু অধিকাংশ হাট-বাজারের নির্দিষ্ট কোন কসাইখানা না থাকায় দোকানিদের প্রত্যেকেই নিজ নিজ ব্যবস্থাপনায় দোকানের আশপাশের কোনো খোলা স্থানে জাবাইয়ের কাজ সারেন। পরীক্ষ-নিরীক্ষার সঠিক ব্যবস্থা না থাকায় অনেক সময় রোগাক্রান্ত ও মরা পুশু জবাই করা হয় বলেও জানা গেছে। এছাড়াও রাস্তার ধারে খোলা জায়গায় মাংস বিক্রি করার ফলে বাস-ট্রাক, মহেন্দ্র, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন ও মানুষজন চলাচল করায় রাস্তার রোগ জীবানুযুক্ত ধুলাবালু উড়ে গিয়ে পরে মাংসের উপর। তাই যাতে স্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই ও মাংস বিক্রয় করা হয় তার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু-হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

















