রাজনীতি

জামিন পেয়ে যা বললেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মাহদী হাসান

  প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৬ , ১০:৪৫:১৪ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জ থেকে ইলিয়াস আলী মাসুক

বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হবিগঞ্জের বানিয়াচং থানায় আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার বক্তব্য দেয়া বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা জুলাইযোদ্ধা মাহদী হাসান জামিনে মুক্তি পেয়েছেন। রোববার সকাল সোয়া ১০টায় শুনানি শেষে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট-৩ আবদুল মান্নান এর আদালতে মাহদীর জামিন মঞ্জুর করেন। আইনী প্রক্রিয়া শেষে সকাল সাড়ে ১০টার দিকে আদালত থেকে সহযোদ্ধাদের সাথে বের হন তিনি। আদালত থেকে বের হয়ে আল্লাহ্’র শুকরিয়া জ্ঞাপন করেন। এ সময় মাহদী বলেন, সারা দেশের সকল সহযোদ্ধাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। পুরো বাংলাদেশের বিপ্লবি ভাইয়েরা আমার যেসকল জুলাইযোদ্ধা দল মত নির্বিশেষে সকল মানুষসহ যারা আমার পাশে দাড়িয়েছেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এ ঋণ কখনও শোধ করতে পারব না। আপনাদের এ দায়বদ্ধতা সম্মানের সাথে প্রত‍্যাশা পূরণ করব ইনশাআল্লাহ।
বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা আহ্বায়ক আরিফ তালুকদার বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনের মাধ্যমে আমরা মাহদীকে মুক্ত করে নিয়ে আসছি। সাংবাদিকসহ সকলকে রাতভর কষ্ট দেয়ায় আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এর আগে সকাল ৮টায় তাকে আদালতে প্রেরণ করা হয়। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহদীকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে তার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে সকাল থেকে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। উক্ত ঘটনায় আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা ব‍্যবস্থা নেয়া হয়।
এর আগে শনিবার রাত পৌণে ৮ টায় তাকে হবিগঞ্জ শহরের শাস্তোনগর এলাকা থেকে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। আটকের পর তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় নেয়া হয়। ঘটনার পর সংগঠনটির নেতাকর্মীরা সদর মডেল থানার সামনে জড়ো হতে তাকে এবং গ্রেফতারের প্রতিবাদে রাতভর বিক্ষোভ কর্মসূচি পালন করে। ঢাকা শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম। তিনি বলেন, মাহদীকে পুলিশের কাজে বাধা প্রদানের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content