অর্থনীতি

যশোরে এক রড মিস্ত্রিকে ডেকে এনে মুক্তিপণের অভিযোগে ২ জন গ্রেফতার

  প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৬ , ৪:৪০:১৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক

যশোরে হাবিবুর রহমান (২৩) নামে এক রড মিস্ত্রিকে ফোন করে ডেকে এনে মুক্তিপণ দাবি এবং মারপিটের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতরা হলেন, মনিরামপুরের ঢাকুরিয়া প্রতাপকাঠি গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে মেহেরাব বিন শাহাদাৎ (২২), চৌগাছার ভবানীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মেহেদী হাসান (২১)।

পলাতক আসামিরা হলেন, সদর উপজেলার পুলেরহাট বেড়বাড়ি গ্রামের বিপ্লবের ছেলে সানাউল হক সানা, কাজী আসলাম বাবুর ছেলে তানভীর, একই এলাকার সোহেলও বিপ্লব।

সদর উপজেলার বানিয়াবহু পূর্বপাড়ার জামির আলীর ছেলে হাবিবুর রহমান এজাহারে উল্লেখ করেছেন, তিনি রড মিস্ত্রি হিসেবে যশোর শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় কাজ করে জীবিকা নির্বাহ করেন। দুই-তিন মাস আগে আসামি সানাউল হক সানার সাথে তার পরিচয় হয়। সে সময় সে তার মোবাইল নম্বর সংগ্রহ করে।

গত ২ জানুয়ারি সানা মোবাইল করে তাকে পুলেরহাট এলাকায় দেখা করতে বলে। হাবিবুর রাত সাড়ে নয়টার দিকে পুলেরহাটে গেলে ২-৩ জন তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর তাকে ভয়ভীতি দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি করা হয়। পরদিন ৩ জানুয়ারি দুপুর দেড়টার দিকে তার মা ও খালাতো ভাই টাকা নিয়ে পুলেরহাটে যান। তারা জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাবিবুরকে উদ্ধার করে। অভিযানে আসামি মেহেরাব বিন শাহাদাত ও মেহেদী হাসানকে আটক করা হয়, বাকিরা পালিয়ে যায়। রোববার বিকেলে তাদের আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও খবর

Sponsered content