প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৬ , ৪:২৫:৩৭ প্রিন্ট সংস্করণ
আল মিরাজ, নীলফামারী জেলা প্রতিনিধি প্রতিবেদন:

১০ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে নীলফামারী জেলার ডিমলা উপজেলার ডালিয়া এলাকায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহন রোধকল্পে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে তিস্তা নদী থেকে অবৈধভাবে উত্তোলিত পাথর পরিবহনের সময় পাথর বোঝাই ২ (দুটি) ট্রাক্টর আটক ও জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে দেখা যায় যে, কোনো বৈধ অনুমতি ব্যতিরেকে নদী থেকে পাথর উত্তোলন করে পরিবহন করা হচ্ছিল, যা প্রচলিত আইন ও সরকারি নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ডিমলা উপজেলা, জনাব রওশন কবির, এবং জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জনাব শেখ ইমাম মোশারফ।
মোবাইল কোর্ট পরিচালনায় ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল ও গ্রাম পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অভিযান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল প্রশংসনীয়।
নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষা, পরিবেশগত ভারসাম্য বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন, ডিমলা কর্তৃক এ ধরনের কঠোর অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনস্বার্থে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

















