উদ্ভাবন

সরকার নয়, জনগণই গড়ছে উন্নয়নের রাস্তা: উখিয়ার পুর্ব পাতাবাড়িতে ৬০০ ফুট সড়ক নির্মাণে অনন্য দৃষ্টান্ত”

  প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৬ , ৪:৪২:৪১ প্রিন্ট সংস্করণ

বিশেষ প্রতিনিধি, রেজাউল করিম, উখিয়া

“আগামীর বাংলাদেশ হবে ঠিক এমনই”—এই প্রত্যয়ে উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পুর্ব পাতাবাড়ি (সোনাগোনা) এলাকার সাধারণ মানুষ প্রমাণ করে দিলেন, উন্নয়নের জন্য শুধু সরকারি বরাদ্দের অপেক্ষায় বসে থাকলে চলবে না, জনগণ ঐক্যবদ্ধ হলে নিজেরাই নিজেদের গন্তব্যের রাস্তা তৈরি করে নিতে পারে।

রবিবার (১১ জানুয়ারি) সকাল থেকেই এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে নেমে পড়েন দীর্ঘদিনের কষ্টের এই কাঁচা ও বেহাল সড়ক সংস্কারে। প্রায় ৬০০ ফুট দৈর্ঘ্যের রাস্তা নিজেদের অর্থ, শ্রম ও উদ্যোগে মেরামত ও সংস্কার করেন তারা। কোনো দলীয় ব্যানার, কোনো আনুষ্ঠানিকতা নয়—শুধু এলাকার মানুষের আন্তরিক প্রচেষ্টায় গড়ে উঠেছে এক অনন্য মানবিক দৃশ্য।

এলাকাবাসী জানান, বর্ষা মৌসুমে এই রাস্তাটি দিয়ে চলাচল ছিল প্রায় অসম্ভব। স্কুলগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী কিংবা কৃষিপণ্য পরিবহনে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হতো। বারবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও দ্রুত কোনো সমাধান না পেয়ে শেষ পর্যন্ত নিজেরাই উদ্যোগ নেন রাস্তা তৈরির।

স্থানীয় এক বাসিন্দা বলেন,
“আমরা বুঝে গেছি—একসাথে থাকলে আমাদের কোনো শক্তিই ঠেকাতে পারে না। নিজের রাস্তা নিজে বানানোর আনন্দটাই আলাদা।”

এই উদ্যোগ শুধু একটি রাস্তা নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি এলাকাবাসীর মধ্যে নতুন করে ঐক্যের বন্ধন সৃষ্টি করেছে। যুবক-প্রবীণ, কৃষক-শিক্ষার্থী—সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। কারো হাতে কোদাল, কারো হাতে ঝুড়ি, আবার কেউ খাবার ও পানি দিয়ে সহযোগিতা করেছেন।

পুর্ব পাতাবাড়ির এই ঘটনা যেন উখিয়ার প্রত্যন্ত অঞ্চলের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে। উন্নয়নের জন্য কেবল অভিযোগ নয়, বরং সম্মিলিত উদ্যোগই যে পারে বাস্তব পরিবর্তন আনতে—তা আবারও প্রমাণ করল হলদিয়া পালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মানুষ।

শেষে এলাকাবাসী কণ্ঠে একই প্রত্যয়—
“ইনশাআল্লাহ, আমরা এক থাকলে আগামীর বাংলাদেশ সত্যিই হবে এমনই—যেখানে জনগণই নিজের গন্তব্য ও পথ নিজেই তৈরি করে নেবে।”

আরও খবর

Sponsered content