প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৬ , ১:৫৭:৪৭ প্রিন্ট সংস্করণ
নীলফামারী প্রতিনিধিঃমো: নয়ন ইসলাম

নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের চরখড়িবাড়ী এলাকায় জমির আইল বাঁধাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় নারীসহ দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন ওই এলাকার বাসিন্দা মোঃ বকুল প্রামাণিকের স্ত্রী মোছাঃ ছকিনা বেগম ও তার ছেলে মোঃ স্বপন আলী।
আহতদের পরিবার সূত্রে জানা যায়, শনিবার (২৪ জানুয়ারী) বিকাল আনুমানিক ৪টার দিকে ছকিনা বেগম ও তার ছেলে স্বপন আলী নিজেদের ভূট্টা ক্ষেতে সেচের পানি দিতে যান। এসময় তারা দেখতে পান, ক্ষেতের আইল ভেঙে জমির পানি পাশের একটি পুকুরে পড়ে যাচ্ছে। পরে তারা ক্ষতির আশঙ্কায় জমির আইল বাঁধার কাজ শুরু করেন।
এ সময় একই এলাকার মোঃ আক্কেল আলীর ছেলে মহুবর রহমান অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ ওঠে। এতে ছকিনা বেগম ও তার ছেলে প্রতিবাদ করলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মহুবর রহমান, মতিয়ার রহমানসহ কয়েকজন তাদের উপর হামলা চালায়। একপর্যায়ে মারধরের ফলে মা ও ছেলে গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত অবস্থায় ছকিনা বেগম ও স্বপন আলীকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন,”এরকম কোন লিখিত অভিযোগ এখনো পাইনি, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এ ঘটনায় আহতদের পরিবার ন্যায়বিচারের দাবি জানিয়েছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

















