ধর্ম

কুড়িগ্রামে ভাওয়াইয়া ও লোকগানের প্রখ্যাত শিল্পী অনন্ত কুমার দেব এর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

  প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৬ , ৪:১৮:৫৯ প্রিন্ট সংস্করণ

আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামে ভাওয়াইয়া ও লোকগানের প্রখ্যাত শিল্পী অনন্ত কুমার দেব এর মৃত্যুতে বিভিন্ন মহল শোক জানিয়েছেন।

আজ ২৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের নিজ গ্রাম দেবাদলয়ের শ্মশান ঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

অনন্ত কুমার দেব গতকাল ২৬ জানুয়ারি সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

কুড়িগ্রাম তথা সমগ্র দেশের ভাওয়াইয়া ও লোকগানের প্রখ্যাত শিল্পী অনন্ত কুমার দেব
১৯৫৩ সালের ১৬ মার্চ কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের দেবালয় গ্রামে জন্মগ্রহণ করেন। তার মা প্রফুল্ল বালা ও বাবা যতীন্দ্রনাথ দেবের হাতেই সংগীতে তার হাতেখড়ি। ছোটবেলা থেকেই সংগীতচর্চার মধ্য দিয়ে বেড়ে ওঠা এই শিল্পী ভাওয়াইয়া, লোকগীতি ও গ্রামবাংলার গানে অসাধারণ পারদর্শিতা অর্জন করেন।

তিনি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার, রংপুর আঞ্চলিক কেন্দ্রের একজন নিয়মিত শিল্পী এবং গীতিকার হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করেছেন। তার দরদভরা কণ্ঠ ও গায়কী ভাওয়াইয়া গানের ভান্ডারকে সমৃদ্ধ করেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রয়াণে কুড়িগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

প্রয়াত শিল্পী অনন্ত কুমার দেবের মৃত্যুতে কুড়িগ্রাম জেলা প্রশাসক মিজ অন্নপূর্ণা দেবনাথ, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো, আল ইমরান, জেলা তথ্য অফিসার শাহাজাহান আলী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব প্রমূখ ব্যক্তিবর্গ শোক ও সমবেদনা জানিয়েছেন।

গুণি এই শিল্পীর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করে কুড়িগ্রামের অন্যতম সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদের সভাপতি শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম সাহিত্যসভার সংগঠক ও দেশের একমাত্র জনপ্রিয় বিন্দু মগ্যাজিনের সম্পাদক কবি সাম্য রাইয়ান, কবি গল্পকার আহম্মেদুল কবির, উদীচী কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক তানভীর মাহমুদ মামুন জানান, অনন্ত কুমার দেব এর মৃত্যুতে কুড়িগ্রামবাসী তথা সমগ্রদেশ একজন গুণি শিল্পীকে হারালো।

আরও খবর

Sponsered content