প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১:১৫:৩০ প্রিন্ট সংস্করণ
আহমে্মেদুল কবির, কুড়িগ্রামঃ

দেশ মেরামতের সুযোগ এখন আপনারই হাতে- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণভোট ২০২৬ উপলক্ষে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে কুড়িগ্রামে ধর্মীয় নেতৃবৃন্দ, ইমাম ও পুরোহিতদের অংশগ্রহণে সচেতনতা বৃদ্ধিমূলক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রামের হলরুমে জেলার অর্ধশতাধিক ধর্মীয় নেতার উপস্থিতিতে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সুজন কুড়িগ্রামের সভাপতি খায়রুল আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক রনি। এর আগে সুজনের প্রধান নির্বাহী ড. বদিউল আলম ভার্চুয়ালি যুক্ত হয়ে উপস্থিত সকলের সঙ্গে মতবিনিময় করেন। তিনি গণভোটের গুরুত্ব তুলে ধরে সঠিক তথ্য প্রচার এবং সাধারণ মানুষের বিভ্রান্তি দূর করতে তৃণমূল পর্যায়ে ধর্মীয় নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি বলেন, শান্তিপূর্ণ ভোটদান নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি, সঠিক ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা এবং গুজব প্রতিরোধে ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এসময় রাষ্ট্রের সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) গোলাপি রঙের ব্যালটের মাধ্যমে হ্যাঁ বা না ভোট প্রদানের জন্য সকল ভোটারের প্রতি আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে জেলা সুজন সভাপতি খায়রুল আনাম বলেন, গণভোট কী এবং কেন এটি অনুষ্ঠিত হচ্ছে। সে বিষয়গুলো সাধারণ মানুষের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে হবে। ‘দেশটা আমার, আপনার, আমাদের সকলের। এই দেশকে ধ্বংস হতে দেয়া যাবে না। সুজন একটি অরাজনৈতিক সংগঠন। আমরা সবসময় সাধারণ মানুষের কল্যাণে ও ন্যায্য অধিকার আদায়ে কাজ করে আসছি। সবাই সহযোগিতা করে আমাদের পাশে থাকবেন।

















