সারাদেশ

শরীয়তপুরে যৌথবাহিনির অভিযানে ৪টি আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

  প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১:২০:১৩ প্রিন্ট সংস্করণ

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুরে যৌথবাহিনির অভিযানে ৪ টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদার ও রাব্বি মোড়ল নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় শরীয়তপুর আর্মি ক্যাম্পে লেফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান।

এর আগে গতকাল বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শরিয়তপুর সদর আর্মি ক্যাম্প, নড়িয়া উপজেলা আর্মি ক্যাম্প ও ডামুড্যা উপজেলা আর্মি ক্যাম্প হতে যৌথ বাহিনী তিনটি পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি টমাহক শট গান, একটি একনলা বন্দুক, দুইটি একে ২২ বোর সেমি অটোমেটিক রাইফেল, ০৩ টি ম্যাগাজিন, ৭১ রাউন্ড শটগান এমিউনিশন, ৫৭ রাউন্ড রাইফেল এমিউনিশন, ১২ রাউন্ড ৯ মিমি পিজল এমুনেশন, ৭টি কার্তুজ, একটি ইলেকট্রিক শক মেশিন, একটি বিদেশি জ্যাগার, তিনটি রামদা, তিনটি চাইনিজ কুড়াল, দুইটি চাপাতি, দুইটি ছুরি, তিন বোতল বিদেশি মদ এবং মাদক দ্রব্য গ্রহণের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

অবৈধ এসব অস্ত্র ও মাদকের সঙ্গে সম্পৃক্ততার জন্য সদর উপজেলার আংগারিয়া স্বর্ণঘোষ এলাকার সন্ত্রাসী মন্টু তালুকদারের স্ত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। মন্টু তালুকদার বর্তমানে ৭ টি মামলায় অভিযুক্ত। অন্যদিকে নড়িয়ার ঘটনায় রাব্বি মোড়ল নামে একজনকে গ্রেপ্তার করা হলেও ডামুড্যার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

এ ব্যাপারে ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্ণেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান বলেন, গতকাল রাতে জেলায় তিনটি স্থানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় এ ধরণের অভিযান অব্যাহত রাখা হবে।

আরও খবর

Sponsered content