প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ২:২৯:০৭ প্রিন্ট সংস্করণ
রেজাউল করিম, উখিয়া প্রতিনিধি:

উখিয়ায় তরুণদের প্রাণের স্পন্দন হয়ে উঠেছিল “বাসমা গোল্ডকাপ টুর্ণামেন্ট-২০২৬ইং”। উৎসবমুখর পরিবেশ, দর্শকদের উচ্ছ্বাস আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে এই বহুল প্রতীক্ষিত ফুটবল আয়োজন। খেলাটি অনুষ্ঠিত হয় জাগিরা মিয়াজী খেলার মাঠে।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠজুড়ে ছিল উপচেপড়া ভিড়। খেলায় অংশ নেওয়া দলগুলো শুরু থেকেই শৈল্পিক নৈপুণ্য ও কৌশল প্রদর্শন করে দর্শকদের মন জয় করে নেয়। টুর্ণামেন্টজুড়ে ছিল শৃঙ্খলা, প্রতিযোগিতার উত্তাপ এবং খেলোয়াড়দের মাঝে সৌহার্দ্যপূর্ণ মনোভাব।
পাতাবাড়ি প্রিমিয়ার লীগের সর্বশেষ ফাইনাল খেলায় রফিক একাডেমি দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে অপরাজিত দল হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরো টুর্ণামেন্টে তাদের ধারাবাহিক সাফল্য, শক্ত রক্ষণভাগ ও আক্রমণভাগের সমন্বিত খেলায় তারা প্রতিপক্ষকে পরাস্ত করে শিরোপা নিজেদের করে নেয়। ফাইনাল ম্যাচে উভয় দলের খেলোয়াড়রা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ হাসি হাসে রফিক একাডেমি।
এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল ফ্রেন্ডশিপ ফুটবল একাডেমি, পাতাবাড়ি। আয়োজক কমিটির আন্তরিক প্রচেষ্টা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার ফলে টুর্ণামেন্টটি সফল ও প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকদের প্রতি স্থানীয় ক্রীড়ামোদীদের পক্ষ থেকে জানানো হয় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
খেলা উপভোগ করতে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজন, জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ। তারা এমন আয়োজনকে তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন। বক্তারা বলেন, নিয়মিত ক্রীড়া আয়োজন যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি সামাজিক সম্প্রীতি জোরদার করে।
সব মিলিয়ে বাসমা গোল্ডকাপ টুর্ণামেন্ট-২০২৬ ছিল উখিয়ার ক্রীড়াঙ্গনে এক অনন্য সংযোজন। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

















