প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৫ , ৭:০৯:৩৪ প্রিন্ট সংস্করণ
এনামুল হক ছোটন, ময়মনসিংহঃ

ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে “মেধা অন্বেষণ প্রতিযোগিতা- ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলার ১১টি ইউনিয়ন ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী এবং ইউনিয়ন পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
শিক্ষানুরাগী উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স এর উদ্যোগে প্রতিযোগিতার প্রস্তাব প্রথমে উপজেলা শিক্ষা কমিটি ও মাসিক সভায় উপস্থাপন করা হয়। উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে এ উদ্যোগকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন যে, প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিযোগিতা উপলক্ষে উপজেলার ০৯টি ক্লাস্টারে উৎসবমুখর পরিবেশে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন হয়।
এবারের প্রতিযোগিতা ৯টি ক্লাস্টারে আয়োজন করা হয়। প্রতিটি ক্লাস্টারে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের নিয়ে আগামী ২২ সেপ্টেম্বর উপজেলা প্রাঙ্গণে দ্বিতীয় ধাপের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ফাইনাল প্রতিযোগিতায় সেরা মেধাবীদের খুঁজে বের করে তাদের মধ্যে সনদপত্র প্রদান করা হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন “এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে। বিশেষ করে প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই প্রতিযোগিতামূলক চেতনায় গড়ে উঠবে।”
অপরদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, “আজকের এই আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চার নতুন দিগন্ত উন্মোচন করেছে। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতার মাধ্যমে তাদের দক্ষতা যাচাইয়ের সুযোগ পেয়েছে, যা ভবিষ্যতে তাদের আত্মবিশ্বাসী হতে সহায়তা করবে।”
এ বিষয়ে ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স বলেন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষার চর্চা এবং মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করতে এই উদ্যোগ। ফলে শিক্ষার্থীদের মাঝে আরও জ্ঞানচর্চা এবং মেধা বিকাশে প্রতিযোগিতা সৃষ্টি হবে এবং ময়মনসিংহ সদরের সকল মেধাবী শিক্ষার্থীরা বিজয়ী হওয়ার জন্য প্রতিবছর চেষ্টা করবে এতে মেধা ও জ্ঞানের বিকাশ ঘটবে। এই কাজে উপজেলার দপ্তর প্রধানগণ ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করে উদ্যোগটি সফলভাবে সম্পন্ন করেছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
জানা যায়, আসন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ন্যাপ-এর মহাপরিচালক ও ময়মনসিংহ জেলা প্রশাসক কে আমন্ত্রন জানানো হবে।

















