সারাদেশ

সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের লাগাতার কর্মবিরতি চলছে

  প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৫ , ১২:২৪:৪৪ প্রিন্ট সংস্করণ

সদরপুর উপজেলা (ফরিদপুর) সংবাদদাতাঃ

ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ দফা বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের লাগাতার কর্মবিরতি চলছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ৪১ জন স্বাস্থ্য সহকারী ও পরিদর্শকদের সবাইকে কর্মক্ষেত্রে যোগ না দিয়ে অফিস কক্ষের বাইরে অবস্থান করতে দেখা যায়। এতে সম্প্রসারিত টিকাদান কর্মসূচীসহ অন্যান্য স্বাস্থ্যসেবা চরম বিঘ্নিত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রশাসন বলছে, স্বাস্থ্যসেবা বিঘ্নিত করে তারা লাগাতার কর্মবিরতি পালন করতে পারেন না। তাদের শোকজ করা হবে। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে সরেজমিনে গিয়ে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির উপরোক্ত চিত্র দেখা গেছে।

বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সদরপুর কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মেনে আমরা কেউ কাজে যোগ দিচ্ছি না। আমাদের দাবিগুলোর ব্যাপারে মন্ত্রণালয় বিভিন্ন সময়ে প্রতিশ্রুতি দিয়েও বাস্তবায়ন করেনি। তাই আমরা লাগাতার কর্মসূচী দিয়েছি। যতক্ষণ দাবী আদায় না হচ্ছে ততক্ষণ আমরা কাজে যোগ দেব না।

এ বিষয়ে সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মমিনুর রহমান বলেন, স্বাস্থ্যসেবা বিঘ্নিত করে তারা লাগাতার কর্মবিরতি পালন করতে পারেন না। তাদের দাবির ব্যাপারে আমাদের দ্বিমত নেই। তবে তা প্রোপার চ্যানেলে করতে হবে। সামনে আমাদের সোয়া ৪ কোটি টিকা দেয়ার কথা, সেগুলো তারা করবেন বলে বলেছিলেন। কিন্তু লাগাতার কর্মসূচী দেয়ায় টিকাদান কর্মসূচীসহ অন্যান্য স্বাস্থ্যসেবা চরম বিঘ্ন ঘটছে। এই অবস্থা চলতে থাকলে আমরা তাদের শোকজ করব।

বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযোগ, ১৪তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান এই ৬ দফা দাবিতে সারা বাংলাদেশে লাগাতার কর্মসূচী পালিত হচ্ছে।

আরও খবর

Sponsered content