খেলাধুলা

আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে বান্দরবানে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৫ , ৫:৩৫:৫০ প্রিন্ট সংস্করণ

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নারী-পুরুষ, কিশোর ও প্রবীণ—মোট তিনটি ক্যাটাগরিতে প্রায় ১৫০ জন দৌড়বিদ অংশ নেন এবারের আয়োজনে।

১১ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর সাড়ে ৭টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে শহরের রাজার মাঠে মিনি ম্যারাথনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।

ম্যারাথনটি রাজার মাঠ থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দৌড়বিদরা পাহাড়ের উঁচু-নিচু, আঁকা-বাঁকা পথ ধরে ৫ কিলোমিটার অতিক্রম করে মেঘলা এলাকার পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে দৌড় শেষ করেন। কঠিন পাহাড়ি রাস্তায় দৌড়ে অংশ নিতে পেরে দৌড়বিদদের মাঝে ছিল উৎসাহ ও উচ্ছ্বাস।

প্রতিযোগিতা শেষে সকাল ১০টায় পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার ও মেডেল প্রদান করেন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুর,জেলা পরিষদ সদস্য এডভোকেট আবুল কালাম,সদস্য নাসির উদ্দীন, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,জেলা ক্রীড়া অফিসার মো: রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য এডভোকেট উবাথোয়াই মারমা।

অতিথিরা বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে ক্রীড়া মূখী করতে ও পাহাড়ের সৌন্দর্য ও বৈচিত্র্য বিশ্বে তুলে ধরা, পর্বতকে রক্ষা করা এবং জনসচেতনতা বাড়াতেই এমন উদ্যোগ।
এছাড়া, প্রাকৃতিক সৌন্দর্য আর উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়া এই প্রতিযোগিতা বান্দরবানের পর্যটন খাতে নতুন দিগন্ত যোগ করার পাশাপাশি পাহাড় ও প্রকৃতি রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করবে, সামনের দিনগুলোতে বিভিন্ন খেলার আয়োজন করবে এই প্রত্যশা সকলের।

আরও খবর

Sponsered content