প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৬ , ৩:২৮:৪৫ প্রিন্ট সংস্করণ
আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মাওয়ামুখী সনবারি ব্রিজে ঘন কুয়াশার কারণে তিনটি যানবাহনের সংঘর্ষে একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার রাত আনুমানিক ১টা ১৩ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়।
এ সময় পেছন থেকে আসা আরেকটি ট্রাক দুর্ঘটনাকবলিত বাসটিকে সজোরে ধাক্কা দিলে তিন যানবাহনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে।দুর্ঘটনার পর সামনের ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।বাস ও পেছনের ট্রাকটি হাসাড়া হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়।সংঘর্ষের ফলে সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে সনবারি ব্রিজের ওপর যান চলাচল বন্ধ রেখে ব্রিজের নিচ দিয়ে বিকল্প পথে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।দুর্ঘটনায় বাসের চালক মারাত্মকভাবে বাসের ভেতরে আটকা পড়েন।খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল উদ্ধারকাজ শুরু করে।স্টেশন অফিসার দেওয়ান আমজাদ হোসেনের নেতৃত্বে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে চালককে উদ্ধার করা হয়।
উদ্ধারকাজ শেষে ফায়ার সার্ভিসের সদস্যরা শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েন বলে জানা গেছে।
আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়,পেছনের ট্রাকটি কেরানীগঞ্জ থেকে আকিজ কোম্পানির মালামাল নিয়ে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল।
দুর্ঘটনাকবলিত বাসটি ছিল সাদ আব্দুলপুর পরিবহনের।
ঘন কুয়াশার কারণে মহাসড়কে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ অবস্থায় চালকদের সতর্কতা অবলম্বন ও ধীরগতিতে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়েছে।

















