প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৬ , ১২:৪৮:৩৭ প্রিন্ট সংস্করণ
মোঃ নাজিম উদ্দিনশ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই)ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন।
আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পৌর শহরের কেওয়া তমিরউদ্দিন আলিম মাদ্রাসা মিলনায়তনে কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চুর হাত ধরে তাঁরা বিএনপিতে যোগদান করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) থেকে যোগদান করা নেতা-কর্মীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ কর্মীরা।
এনসিপি থেকে বিএনপিতে যোগদান করা নেতা-কর্মীরা হলেন এনসিপির গাজীপুর জেলা সংগঠক আল্পনা আক্তার ছোঁয়া, গাজীপুর জেলা এনসিপির সদস্য কাইফাত মোড়ল, ওয়াসিম আকরাম, শফিকুল ইসলাম। জাতীয় যুব শক্তির নাঈম মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাদিকুর রহমান, রাসেল মোড়ল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হারুন অর রশিদ শিমুল, রাসেল মিয়া ও মুক্তা।
এ সময় উপস্থিত ছিলেন ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা রুহুল আমিন, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির সরকার, সদস্যসচিব মো. বিল্লাল হোসেন বেপারী ও পৌর বিএনপির ১ নং যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন বেপারী সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।

















