খুলনা

যশোরে নেশাগ্রস্ত স্বামীর নির্যাতনে নারী আইনজীবী হাসপাতালে

  প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৬ , ১১:০২:৫৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক

যশোরে নেশাগ্রস্ত স্বামীর নির্যাতনের শিকার হয়ে এক নারী আইনজীবী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের পুলেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

আহত অনিকা সরকার তিনি যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য । অনিকা সরকার কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার আব্দুল আজিজ সরকারের কন্যা। তার স্বামী আসাদুজ্জামান মণিরামপুর উপজেলার মোর্শেমনগর গ্রামের লিয়াকত আলী মোড়লের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে অনিকা সরকার যশোরে এসে আসাদুজ্জামানকে বিয়ে করেন। বিয়ের পর তারা যশোর শহরের পুলেরহাট এলাকায় কিশোর কারাগারের পাশের একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। তবে বিয়ের পর থেকেই নেশাগ্রস্ত স্বামীর আচরণে দাম্পত্য জীবনে অশান্তি চলছিল এবং অনিকা সরকার প্রায়ই শারীরিক নির্যাতনের শিকার হচ্ছিলেন।

অনিকা জানান, ঘটনার দিন সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে নিজ বাসার ভেতরে কথা কাটাকাটির এক পর্যায়ে আসাদুজ্জামান কিল-ঘুষি ও লাঠি দিয়ে স্ত্রী অনিকা সরকারকে বেধড়ক মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। একই সাথে শ্বাসকষ্ট শুরু হয় তার। বাধ্য হয়ে অনিকা সরকার জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা পৌঁছে তাকে উদ্ধার করেন।

সংশ্লিষ্টরা জানায়, আসাদুজ্জামান কখনো নিজেকে আইনজীবী আবার কখনো শিক্ষানবীশ আইনজীবী হিসেবে পরিচয় দেন। আদালত পাড়ায় তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এমনকি তার বিরুদ্ধে মামলাও করা হয়েছে।

এদিকে, তার আহতের খবর শুনে হাসপাতালে ছুটে আসেন যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক এম. এ. গফুর।

গফুর জানান, আসাদুজ্জামান আইনজীবী সমিতির কেউই না। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাহুল ঘোষ জানান, প্রাথমিক চিকিৎসা শেষে অনিকা সরকারকে মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।

আরও খবর

Sponsered content