প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৬ , ৮:২৮:৫৫ প্রিন্ট সংস্করণ
উখিয়া প্রতিনিধি, রেজাউল করিম

ঐতিহ্যবাহী থিমছড়ি স্টেশন ডাংগুলি টুর্নামেন্টে খেওয়াছড়ি জাহাঙ্গীর একাদশের দাপুটে পারফরম্যান্সে দর্শকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে থিমছড়ি জুনিয়র ও খেওয়াছড়ি জাহাঙ্গীর একাদশের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২০০ পয়েন্টের ব্যবধানে জয় তুলে নেয় খেওয়াছড়ি জাহাঙ্গীর একাদশ।
এই উত্তেজনাপূর্ণ জয়ের মধ্য দিয়ে খেওয়াছড়ি জাহাঙ্গীর একাদশ টুর্নামেন্টের ফাইনাল পর্ব নিশ্চিত করে। খেলা চলাকালে মাঠজুড়ে দর্শকদের করতালি ও উল্লাসে মুখর ছিল পুরো পরিবেশ।
দলের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন উখিয়া উপজেলার সেরা ডাংগুলি খেলোয়াড় হিসেবে পরিচিত জালাল আহাম্মদ, যিনি ‘জলু’ নামে বেশি পরিচিত। তার অসাধারণ কৌশল, নিখুঁত নিশানা ও ধারাবাহিক নৈপুণ্যে প্রতিপক্ষ দলকে কোণঠাসা করে দেয় খেওয়াছড়ি জাহাঙ্গীর একাদশ।
পরবর্তীতে ১৭ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে খেওয়াছড়ি জাহাঙ্গীর একাদশ মুখোমুখি হয় রুহুল্লাহ ডেবা দলের। ফাইনালেও দুর্দান্ত খেলায় জয় লাভ করে শিরোপা নিজেদের করে নেয় খেওয়াছড়ি জাহাঙ্গীর একাদশ।
ফাইনাল ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য জালাল আহাম্মদ জলুকে ‘আজকের সেরা খেলোয়াড়’ হিসেবে নির্বাচিত করা হয় এবং তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
খেলায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা অফিস সম্পাদক জননেতা জাহাঙ্গীর আলম, এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, রত্নাপালং ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ হামিদ, মোহাম্মদ জাজিজুর রহমান (আজিজু)সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী দর্শকরা।
ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং আয়োজক ও খেলোয়াড়দের সম্মিলিত প্রচেষ্টায় খেলাটি হয়ে উঠেছে উপভোগ্য ও স্মরণীয়।

















