প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৬ , ১০:৫২:৩৯ প্রিন্ট সংস্করণ
বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃ রাকিবুল ইসলামঃ

‘জুলাই বিপ্লবের চেতনাই আমাদের রাজনৈতিক পথচলার প্রধান অনুপ্রেরণা। আমরা ক্ষমতায় যাই কিংবা না যাই—জুলাইয়ের সেই চেতনার বিরুদ্ধে কোনো কর্মকাণ্ডে জড়াব না।
জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে দুর্নীতি, দখলদারি ও চাঁদাবাজির মতো সকল অপকর্ম কঠোরভাবে প্রতিরোধ করা হবে। গণমানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী ন্যায়ভিত্তিক সামাজিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠাই হবে আমাদের মূল লক্ষ্য।’
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বাগেরহাট শহরের দশানী এলাকার ঐতিহ্যবাহী ধানসিঁড়ি হোটেলে বাগেরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বাগেরহাট-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ।
তিনি আরও বলেন, গণতন্ত্র, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজে ন্যায়বিচার ও স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করে।
জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা অপরিহার্য। দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতের সাবেক আমির এবিএম মুজিবর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, জেলা জামায়াতে ইসলামীর যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান অলি, জেলা কমিটির শূরা সদস্য শাহিদুল আলম, বাগেরহাট পৌরসভার সভাপতি শামিম হাসান, বাগেরহাট সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক লিয়াকত আলীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, মো. কামরুজ্জামান, সাংবাদিক তরফদার রবিউল ইসলাম রবি, মোল্লা মাসুদ, মোল্লা আব্দুর রব, আলী আকবর টুটুল, ইয়ামিন আলী, ইনজামামুল হক, আরিফুল ইসলাম, এস. এস. সোহান, ইসরাত জাহানসহ বাগেরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক।
মতবিনিময় সভায় সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যা, গণমাধ্যমের স্বাধীনতা এবং দায়িত্বশীল ভূমিকা নিয়ে তাদের মতামত তুলে ধরেন। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

















