তথ্যকণিকা

মধ্যনগর সীমান্তে সংঘর্ষে বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দুইজন গ্রেপ্তার

  প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৬ , ১:৩১:২২ প্রিন্ট সংস্করণ

সুরঞ্জন তালুকদার (মধ্যনগর প্রতিনিধি):

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী রূপনগর এলাকায় ভারতীয় গরু আটককে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও চোরাকারবারিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় দুইজন সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ও রাতে মধ্যনগর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সুনামগঞ্জের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সালমান মিয়া, পিতা মো. রওশন আলী, সাং দাতিয়াপাড়া এবং মো. রোস্তম আলী, পিতা মো. কাবিল উদ্দিন, সাং রূপনগর। তারা উভয়ই মধ্যনগর থানার বাসিন্দা।

পুলিশ সূত্র জানায়, অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন-এর দিকনির্দেশনায় এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এবং জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মঙ্গলবার সন্ধ্যা ৮টা ৩০ মিনিটে মহেষখলা বাজার এলাকা থেকে সালমান মিয়াকে এবং রাত ১০টা ১৫ মিনিটে রূপনগর এলাকা থেকে মো. রোস্তম আলীকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৩০ সেপ্টেম্বর সীমান্ত এলাকায় ভারতীয় গরু আটককে কেন্দ্র করে চোরাকারবারিদের সঙ্গে সংঘর্ষে বিজিবির এক সদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মধ্যনগর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন বলেন, বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার সহযোগিতায় দুইজন সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content