প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৬ , ২:৩৯:১৯ প্রিন্ট সংস্করণ
ঝালকাঠী জেলা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ৪ ফেব্রুয়ারি বরিশাল বেলস পার্ক মাঠে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন। উক্ত জনসভা সফল করতে ঝালকাঠি জেলায় ব্যাপক প্রচারণা চালিয়েছে জেলা বিএনপি।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রচারপত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, নলছিটি উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মাসুর রহমান মাসুদ মাস্টার, নলছিটি উপজেলা বিএনপি নেতা মো. মনির হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহমেদ সালাউদ্দিন ও গোলাম আজম সোহান, ঝালকাঠি পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. মনোয়ার হোসেন রানা, সদস্য সচিব সুমন মণ্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রচারকালে বিএনপি নেতৃবৃন্দ জানান, বরিশালের জনসভায় তারেক রহমান বরিশাল অঞ্চলের ২১টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। একই সঙ্গে রাষ্ট্র গঠনে বিএনপির পরিকল্পনা তুলে ধরে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে বরিশাল অঞ্চলের জনগণের কাছে ভোট প্রার্থনা করবেন।
এছাড়াও দেশ গঠনে অংশীদার হতে ঝালকাঠি-২ আসনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।

















