প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১:২৩:১২ প্রিন্ট সংস্করণ
এস এ হাসিব, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতারণার অভিযোগে হাতকড়া, ওয়াকিটকি ও ডিবি পুলিশের জ্যাকেটসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে উপজেলার রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর মধ্যেপাড়া গ্রামে। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে ওই এলাকার বাসিন্দা আশরাফুল ইসলামকে ডিবি পুলিশ পরিচয়ে আটক করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে পাঁচ হাজার টাকা আদায় করে একটি চক্র। ওই ঘটনার পর থেকেই এলাকাবাসীর মধ্যে সন্দেহ তৈরি হয়।
গত ৫ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যার দিকে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন যুবক পুনরায় ওই এলাকায় ঘোরাঘুরি করতে থাকে। বিষয়টি নজরে এলে ভুক্তভোগী আশরাফুল ইসলাম স্থানীয় লোকজনকে জানায়। পরে এলাকাবাসী তাদের পরিচয় জানতে চাইলে একজন দৌড়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় জনতা তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা ভূয়া ডিবি পরিচয়ে প্রতারণার কথা স্বীকার করে। পরে আটককৃতদের ফুলবাড়ীয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদের পর ওই রাতেই অভিযান চালিয়ে আরও দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নকল হাতকড়া, ওয়াকিটকি ও ডিবি পুলিশের জ্যাকেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ত্রিশাল উপজেলার সতেরপাড়া গ্রামের আবুল কালামের ছেলে শাহাদাৎ হোসেন (২৭), ধরিলা মধ্যপাড়ার হেলাল উদ্দিনের ছেলে রাকিবুল হাসান রনি (২৪), ছলিমপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে সারোয়ার হোসেন (২৫), একই গ্রামের আইয়ুব আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৫) এবং ফুলবাড়ীয়া পৌর এলাকার মতিনের ছেলে সরোয়ার আলম (২১)।
ফুলবাড়ীয়া থানা পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০–১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে ময়মনসিংহ জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

















