প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৬ , ৯:০৮:২৬ প্রিন্ট সংস্করণ
উখিয়া প্রতিনিধি: রেজাউল

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাগলির বিল সিকদার পাড়ায় নিখোঁজের দুই দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহত শিশুটি হলেন মহিদুল আলমের একমাত্র ছেলে আবরার। গত দুই দিন আগে বাড়ির পাশেই খেলতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয় সে। পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও স্থানীয়দের সহায়তায় সম্ভাব্য সব স্থানে খোঁজ চালানো হলেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
আজ সকালে পাগলির বিল এলাকার একটি পরিত্যক্ত রাবারড্রামের ভেতরে দুর্গন্ধ ছড়াতে দেখে স্থানীয়রা কাছে গিয়ে শিশুটির নিথর দেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হলে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্বজনদের অভিযোগ, আশপাশের খোলা ড্রাম ও পরিত্যক্ত স্থানে যথাযথ নজরদারি না থাকায় শিশুটি সেখানে পড়ে গিয়ে বের হতে না পেরে মর্মান্তিকভাবে মারা যেতে পারে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
শিশুটির মরদেহ উদ্ধারের খবরে পুরো সিকদার পাড়ায় শোকের মাতম চলছে। আবরারের মা–বাবা সন্তানের লাশ বুকে নিয়ে আহাজারিতে ভেঙে পড়েন। এলাকার মানুষজনও কান্নায় ভেঙে পড়েন।
এ ঘটনায় এলাকাবাসীর মাঝে শিশুদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পরিশেষে এলাকাবাসীর পক্ষ থেকে সকল অভিভাবকের প্রতি আহ্বান জানানো হয়েছে—নিজেদের ছোট্ট সন্তানদের প্রতি আরও বেশি নজরদারি ও সচেতনতা জরুরি, কারণ সামান্য অবহেলাই একটি সুখের পরিবারকে আজীবনের কান্নায় ডুবিয়ে দিতে পারে।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

















