প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৩০:০৭ প্রিন্ট সংস্করণ
প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)::
তাহিরপুর উপজেলায় অবৈধভাবে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের কান্দার মাটি কেটে হাওরের বোরো ফসল রক্ষা বাঁধ দেয়ার অপরাধে এক পিআইসি সভাপতিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ ৮ ফেব্রুয়ারী রোববার সকাল ১০ টা থেকে ১টা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি ও তাহিরপুর থানা পুলিশকে সঙ্গে নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারুখ আলম শান্তনু তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের নিকটবর্তী হিজল-করচবাগ থেকে অবৈধভাবে মাটি কর্তনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় টাঙ্গুয়ার হাওরের অন্তর্গত বর্ধিত কোরমা ও উপ প্রকল্প ১৫ নং পিআইসি’র সভাপতি জাহাঙ্গীর আলম ব্যক্তি (পিআইসি সভাপতি) ফসল রক্ষা বাঁধের নামে অননুমোদিতভাবে হিজল-করচ বাগের মাটি কর্তনের অপরাধ স্বীকার করায় আইনের সংশ্লিষ্ট ধারায় এক লাখ টাকা অর্থদন্ড আদায় করে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাকে পুনরায় কর্তিত মাটি সঠিক স্থানে পুনঃস্থাপনের জন্য নির্দেশনাও প্রদান করা হয়।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারুখ আলম শান্তনু বলেন, অবৈধভাবে টাঙ্গুয়ার হাওর একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার মাটি কেটে ফসল রক্ষা বাঁধ দিচ্ছে এমন সংবাদ পেয়েই খবর আমরা সাথে সাথে ওই এলাকায় মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করি। এসময় ১৬ নং পিআইসি’র সভাপতি জাহাঙ্গীর আলম তার দোষ শিকার করায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। টাঙ্গুয়ার হাওরের পরিবেশ,বাস্তুসংস্থান ও ভূমির সুরক্ষা নিশ্চিত করা সকলের দায়িত্ব। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

















