সারাদেশ

ধানের শীষ ও তারেক রহমানকে ভালোবেসে শরীয়তপুরে সব রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

  প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:২০:৫৭ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম সোহেল, শরীয়তপুর

ধানের শীষ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভালোবেসে শরীয়তপুরের সকল রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন শরীয়তপুর-৩ আসন (ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ) এর বিএনপি মনোনীত প্রার্থী এবং তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ডামুড্যা উপজেলার ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, তারেক রহমান ও ধানের শীষকে ভালোবেসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে আজ শরীয়তপুরের সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন। এর প্রমাণ আজকের এই জনসভা যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো।

তিনি আরও বলেন, আজকের এই জনসভা শুধু শরীয়তপুরেই নয়, সারাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে। এর আগে কখনো দেশের কোথাও এমন জনসভা হয়নি, যেখানে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এক মঞ্চে এসে একটি দল ও প্রতীকের বিজয়ের জন্য প্রকাশ্যে মাঠে নেমেছেন।

অপু বলেন, এক দলের নেতাকর্মীরা অন্য দলের প্রার্থীকে বিজয়ী করার জন্য এভাবে মাঠে নেমে কাজ করবে এটা বাংলাদেশের রাজনীতিতে বিরল ঘটনা। এটি প্রমাণ করে যে, জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শীষ।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, আমি রাজনীতি করতে নয়, মানুষের অধিকার ও ভোটের মর্যাদা ফিরিয়ে দিতে রাজনীতিতে এসেছি। শরীয়তপুরকে আমি নিজের পরিবারের মতো দেখি। নির্বাচিত হলে এই এলাকার মানুষের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।

এর আগে সকালে তিনি গোসাইরহাট উপজেলার কোদালপুরে নিজ বাসভবনে জেলার সম্মিলিত ইমাম খতিব পরিষদের নেতা কর্মীদের সাথে একটি সংক্ষিপ্ত আলোচনায় যুক্ত হন এবং আলোচনা শেষে মুসলিম উম্মার সুখ শান্তি কামনা করে দোয়া মোনাজাত করেন।

পরে তিনি কোদালপুর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার পাড়া মহল্লায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের কাছে দোয়া প্রার্থনা করেন।

রাতে জনসভা শেষে তিনি ডামুড্যা উপজেলার বিভিন্ন এলাকায় গনসংযোগে অংশ নেন।

জনসভায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। জনসভা ঘিরে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয় এবং ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সভাস্থল।

আরও খবর

Sponsered content