প্রতিনিধি ২০ আগস্ট ২০২৫ , ২:১৩:১২ প্রিন্ট সংস্করণ
মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

সুইডেন সরকারের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন এর কারিগরি সহায়তায় বান্দরবানের স্থানীয় উন্নয়ন সংস্থা গ্রাউস আয়োজন করেছে দুই দিন ব্যাপী এক ” অভিযোজন এক্সপো: উদ্ভাবন, ক্ষমতায়ন ও জলবায়ু সহনশীলতা” শীর্ষক অভিযোজন এক্সপো অনুষ্ঠিত হয়।
১৯আগষ্ট মঙ্গলবার সকালে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এর প্রাঙ্গণে এই এক্সপোটির শুভউদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য এডভোকেট উবাথোয়াই মারমা।
এই আয়োজনের মূল উদ্দেশ্য হল জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় জ্ঞান, উদ্ভাবসী প্রযুক্তি এবং টেকসই অভিযোজন কৌশলগুলো কৃষক (বিশেষত নারী কৃষক),মৎস্যজীবি,নারী উদ্যোক্তা, যুব ও তরুণ সম্প্রদায়, সাংবাদিক ও স্থানীয় পর্যায়ে অন্যান্য জনগোষ্ঠীর মধ্যে তুলে ধরা, প্রচার করা ও সেগুলোর ব্যবহারকে উৎসাহিত করা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মানুষের জন্য ফাউন্ডেশন এর প্রোগাম ম্যানেজার সোমা দত্ত। তিনি এ এক্সপোটি আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্যের কথা বলতে গিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করা। সেই সাথে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করার জন্য স্থানীয় পর্যায়ে যেসব জলবায়ু সহনশীল চাষাবাদ পদ্ধতি, প্রযুক্তি রয়েছে সেগুলি সংশ্লিষ্ট সবার
কাছে ছড়িয়ে দেয়া।
অভিযোজন এক্সপোর প্রথম দিন পার্বত্য অঞ্চলের জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ ও স্থানীয় অভিযোজন সম্ভাবনা শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট উন্নয়ন কর্মী থুইনু মং মারমা।
এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট বান্দরবানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহবুবুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের উপ- পরিচালক এম এম শাহ নেয়াজ, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: জুলহাস আহমেদ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এর পরিচালক নুক্রাচিং, বান্দরবান সরকারি কলেজ এর উদ্ভিদ বিদ্যা বিভাগ এর সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো:সাহাব উদ্দিন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গ্রাউস এর উপ নির্বাহী পরিচালক চিন্ময় মুরুং।
এসময় প্রকল্পের প্রধান সমন্ধকারী অমান চাকমা, প্রকল্প কর্মকর্তা মং বাথুই মারমাসহ বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় আয়োজকেরা জানান, মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় গ্রাম উন্নয়ন সংস্থা গ্রাউস এর মাধ্যমে
বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার ২টি ইউনিয়নের ২৮টি পাড়ায় এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে আর এই প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নারীদের নেতৃত্বের সক্ষমতা তৈরি এবং সর্বাধিক ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি হবে।
এসময় বক্তারা পার্বত্য জেলা বান্দরবানের জলবায়ু রক্ষায় নানা উদ্যোগের কথা তুলে ধরেন এবং নারী নেতৃত্ব তৈরি মাধ্যমে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যায় ব্যক্ত করেন।
দুইদিনব্যাপী নানা আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্টীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজন শেষে ২০আগষ্ট বিকেলে সুপারিশমালা প্রনয়ণের মধ্য এই আয়োজনের সমাপ্তি ঘটে।











