প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৫ , ২:১০:৫৩ প্রিন্ট সংস্করণ
তাহিরপুর প্রতিনিধি (সুনামগঞ্জ)

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটার শাখা নদী শান্তিপুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ ৮ সেপ্টেম্বর সোমবার উপজেলার শান্তিপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সংবাদের প্রেক্ষিতে তাহিরপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক। এ সময় তাদের সাথে একটি তিল বডি নৌকা ও ৬০ ফুট বালু বালু জব্দ করা হয়।
পরে বিকেলে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃতদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৩ জনের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এবং আটককৃত নৌকা তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেনের জিম্মায় দেয়া হয়। দন্ডপ্রাপ্তরা হলো, উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের গাজীপুর গ্রামের মুসলিম মিয়ার ছেলে তাহের মিয়া (২০), একই ইউনিয়নের বাদাঘাট গ্রামের কাদির মিয়ার ছেলে বিজয় আহমদ (২৪) এবং দক্ষিণ বড়দল ইউনিয়নের টেকাটুকিয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে নজির আহমদ (২৬)।
এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানোর হয়েছে এবং অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বিষয়টি নিশ্চিত বলেন, শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সময় ৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে প্রতি জনকে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত নৌকা ও বালু পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাহিরপুর থানার জিম্মায় থাকবে। অবৈধভাবে বালু লুট ও বিক্রি বন্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

















