প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২৫ , ১:২২:২২ প্রিন্ট সংস্করণ
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেমের নির্দেশে ‘নিশান’ নামের একটি এনজিওর মালিকানাধীন জমি ও সম্পত্তির রেজিস্ট্রেশন কার্যক্রম হঠাৎ বন্ধ হয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এতে রেজিস্ট্রেশন করতে আসা শতাধিক ভুক্তভোগী চরম ভোগান্তিতে পড়েছেন।
অভিযোগ: সম্পদ বিক্রি করে দায় এড়ানোর চেষ্টা
স্থানীয় সূত্র জানায়, গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাতের মামলায় অভিযুক্ত নিশান এনজিওর মালিকপক্ষ গোপনে সম্পদ বিক্রির উদ্যোগ নিচ্ছিল। এ অবস্থায় ইউএনও মৌখিকভাবে সাময়িক রেজিস্ট্রেশন বন্ধ রাখতে নির্দেশ দেন। নির্দেশের পর সাব-রেজিস্ট্রার মাসুদ রানা সব রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত করে দেন।
রেজিস্ট্রেশনপ্রত্যাশী আউশ চৌধুরী, আক্কাস মিয়া ও মোশারফ আলীসহ অনেকে অভিযোগ করেন, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া রেজিস্ট্রেশন বন্ধ রাখায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের অভিযোগ, “যে জমি কিনে আমরা বছরের পর বছর অপেক্ষা করছি, সেটির দলিল এখন বন্ধ। এতে আমরা নিঃস্ব হয়ে গেছি।”
‘গোপনে রেজিস্ট্রি চলছে’ অভিযোগ
স্থানীয়দের দাবি, প্রশাসনের নির্দেশে রেজিস্ট্রেশন বন্ধ থাকলেও নিশানের কিছু সম্পত্তি গোপনে রেজিস্ট্রি করা হচ্ছে। এতে প্রশাসনের একটি অংশের যোগসাজশের আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
‘ইউএনও’র এখতিয়ার নেই’-আইনজীবীর মত
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সোহরাব হোসেন বলেন, “ইউএনও’র জমি রেজিস্ট্রেশন বন্ধ রাখার কোনো আইনি ক্ষমতা নেই। কোনো সম্পত্তি জব্দ করতে হলে আদালতের আদেশ প্রয়োজন।”
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলার অজুহাতে রেজিস্ট্রেশন বন্ধ রাখা সম্পূর্ণ বেআইনি।”
‘ভুক্তভোগীদের স্বার্থে সাময়িক ব্যবস্থা’- ইউএনও
ইউএনও জাহিদ বিন কাসেম বলেন, “ভুক্তভোগীদের স্বার্থ রক্ষার জন্যই সাময়িকভাবে রেজিস্ট্রেশন বন্ধ রাখা হয়েছে। সম্পদ বিক্রি হয়ে গেলে প্রকৃত ক্ষতিগ্রস্তরা প্রাপ্য থেকে বঞ্চিত হবেন।”
তিনি জানান, আগামী ১৬ ডিসেম্বরের পর বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
‘ইউএনও’র আইনগত ক্ষমতা নেই’- ডিসি
হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, “ইউএনও’র রেজিস্ট্রেশন বন্ধ রাখার কোনো আইনগত ক্ষমতা নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
নিবন্ধন অধিদপ্তরের মন্তব্য
নিবন্ধন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. আশরাফুজ্জামান বলেন, “আইনশৃঙ্খলার কারণ দেখিয়ে রেজিস্ট্রেশন স্থগিত করা গ্রহণযোগ্য নয়। সাব-রেজিস্ট্রারেরও এমন নির্দেশ মানার কথা নয়।” তিনি জানান, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি রেজিস্ট্রেশন বন্ধের ঘটনায় মাধবপুরে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মতে, যথাযথ আইনগত প্রক্রিয়া ছাড়া রেজিস্ট্রেশন বন্ধ করায় প্রশাসনের ওপর আস্থা কমছে। ভুক্তভোগীরা দ্রুত রেজিস্ট্রেশন কার্যক্রম চালুর পাশাপাশি পুরো ঘটনার স্বচ্ছ তদন্ত দাবি করেছেন।

















