তথ্যকণিকা

হবিগঞ্জে কোটি টাকার সেগুন পাচার: বন বিভাগের তত্ত্বাবধানে বনবনান্তর অনিয়মের অভিযোগ

  প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২৫ , ৪:২৫:০২ প্রিন্ট সংস্করণ

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।

‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি সংরক্ষিত বনে কোটি টাকার সেগুন গাছ কেটে পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও সরেজমিনে পাওয়া তথ্য অনুযায়ী, বন বিভাগের কিছু কর্মকর্তার সঙ্গে সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে।
‎সাতছড়ি বনের বিভিন্ন অংশে বহু পুরোনো ও বড় সেগুন গাছ কেটে ফেলা হয়েছে। কাটা গাছের স্থানে পড়ে আছে ডালপালা ও মোথা, যা এত বড় যে দূর থেকে দেখলে বটগাছের মতো মনে হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, অন্তত ২৯টি বড় সেগুন গাছ কাটা হয়েছে।
‎স্থানীয়দের অভিযোগ, কাটা গাছের মোথা ধ্বংস করে মাটি ও বালু দিয়ে ঢেকে রাখা হয়, যাতে প্রমাণ নষ্ট হয়। ডুমুরতলা এলাকায় এখনও কাটা গাছের মোথা ও ডালপালা পড়ে আছে।
‎মৌলভীবাজার বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবুল কালাম বলেন, “আমি আজ প্রথমবার এই বিষয়টি শুনেছি। আমাদের সহকারী বন সংরক্ষক নতুন যোগদান করেছেন। তাঁকে পাঠিয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
‎চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, “আমি মিটিংয়ে আছি। সাতছড়ি বনের ম্যানেজারের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” বিষয়টি জেলা প্রশাসককেও জানানো হয়েছে।
‎পরিবেশকর্মী তোফাজ্জল সোহেল বলেন, “মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অক্সিজেন আসে বন থেকে। কোটি টাকার গাছ পাচারের ঘটনায় জীববৈচিত্র্য ও পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়বে। বনকর্মী ও সহ-ব্যবস্থাপনা কমিটির কিছু সদস্যের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।”

আরও খবর

Sponsered content