খেলাধুলা

বান্দরবান বক্সিং একাডেমির দশম বর্ষপূর্তি উদযাপন

  প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৫ , ৬:৪২:০০ প্রিন্ট সংস্করণ

মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বান্দরবান বক্সিং একাডেমির দশম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বান্দরবান শহরের চেয়ারম্যানপাড়া নিওম টাওয়ারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য ও ক্রীড়া কনভেনর অ্যাডভোকেট উবা থোয়াই মারমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য মো. নাসির উদ্দিন। আরও উপস্থিত ছিলেন সাবেক বক্সিং খেলোয়াড় ও প্রায় তিন থেকে চার দশক ধরে বান্দরবানের ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনের অন্যতম প্রাণপুরুষ মো. মফিজুর রশিদ এবং বান্দরবান বক্সিং একাডেমির অন্যতম উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী সৌরভ চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্গম পার্বত্য অঞ্চলে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার প্রতীক হিসেবে বক্সিংকে জনপ্রিয় করে তুলতে বান্দরবান বক্সিং একাডেমি গত এক দশকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই একাডেমি শুধু খেলোয়াড় তৈরি নয়, বরং তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে অবদান রাখছে বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বান্দরবান বক্সিং একাডেমির প্রধান কোচ ও বক্সিং পরিচালক এবি সিদ্দিক। বক্তারা তাঁর অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে একাডেমিটি আজ একটি সুদৃঢ় অবস্থানে পৌঁছেছে বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান সাংবাদিক ও পার্সিভিয়ারেন্স কোচিং সেন্টারের কো-ফাউন্ডার মো. আরিফ, পার্সিভিয়ারেন্স কোচিং সেন্টারের ফাউন্ডার হ্যারি শংকর ধর, আন্তর্জাতিক বক্সার নয়ন ত্রিপুরা, জাতীয় পদকপ্রাপ্ত বক্সার আশরাফ আলভী, হারুন, ফরহাদ, গ্লোরি খুমী, প্রীতি ত্রিপুরা, সিং সিং মারমাসহ জেলা দলের হয়ে খেলা অসংখ্য বক্সার।

জুনিয়র ও সৌখিন বক্সারদের সক্রিয় অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা বিশেষভাবে জুনিয়র বক্সারদের নিরলস পরিশ্রম এবং সিনিয়র বক্সারদের দিকনির্দেশনামূলক ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় সুদূর ইংল্যান্ড থেকে এসে অনুষ্ঠানের ভিডিওগ্রাফির দায়িত্ব পালন করায় ফাহিমকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়, শাকিব, শাকিব-২, জয় মং, রূপান্তরসহ ভবিষ্যৎ দিনের স্বপ্ন নিয়ে উপস্থিত সকল জুনিয়র বক্সারদের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়।

অনুষ্ঠানের শেষে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, সততা, নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে বান্দরবান বক্সিং একাডেমি আগামীতেও ক্রীড়াঙ্গনে সুনামের সঙ্গে এগিয়ে যাবে।

আরও খবর

Sponsered content