প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৫ , ৮:৩০:৩৫ প্রিন্ট সংস্করণ
সুরঞ্জন তালুকদার (মধ্যনগর প্রতিনিধি) :

সুনামগঞ্জের মধ্যনগরে নাশকতা মামলার অজ্ঞাতনামা আসামী হিসেবে উপজেলা যুবলীগের এক সহসভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সনদ কুমার সরকার। তিনি উপজেলার চামরদানী গ্রামের মৃত করুণাময় সরকারের ছেলে এবং মধ্যনগর উপজেলা যুবলীগের সহসভাপতি।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধায় উপজেলার চামরদানী ইউনিয়নের চামরদানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছর দায়ের করা একটি নাশকতা মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে সনদ কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ একাধিক নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে। তদন্তে উক্ত ঘটনার সঙ্গে সনদ কুমারের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি পুলিশের।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে সনদ কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

















