প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২৬ , ৬:১৮:৫৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, রাজনীতি মানে ক্ষমতায় গিয়ে জুলুম-নির্যাতন বা জনগণের অর্থ লোপাট করা নয়; রাজনীতি মানে মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করা। বেগম খালেদা জিয়া সারাজীবন সেই জনকল্যাণমূলক রাজনীতিই করে গেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উন্নয়নের পথ দেখিয়েছিলেন, দেশনেত্রী সেই পথ অনুসরণ করেই মানুষের কষ্ট লাঘবে নিজেকে উৎসর্গ করেছিলেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই সভার আয়োজন করা হয়।
অনিন্দ্য ইসলাম অমিত তাঁর বক্তব্যে প্রয়াত নেতা তরিকুল ইসলামের স্মৃতি চারণ করে বলেন, আমাদের অভিভাবক তরিকুল ইসলামও জনকল্যাণের রাজনীতি করে গেছেন। তিনি যেমন মসজিদ ও কবরস্থানের উন্নয়ন করেছেন, তেমনি মন্দির ও শ্মশানেরও উন্নয়ন করেছেন। দল-মত নির্বিশেষে মানুষ আজও তাঁর কাজের স্বীকৃতি দেয়। আমরা সেই আদর্শে উজ্জীবিত হয়ে আগামী দিনে যশোরকে নতুনভাবে গড়তে চাই।
নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান বাবলুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ন ম শরিফুল আনাম আজাদ, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, জিয়া স্মৃতি পাঠাগার যশোরের সভাপতি আরিফ হোসেন লতা এবং নওয়াপাড়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ হালদার।
এছাড়াও খেলাফত মজলিশ নেতা হাফেজ মীর মোহর আলী, পল্লী চিকিৎসক মশিয়ার রহমান ও বৈদ্যনাথতলা পূজা মন্দির কমিটির সভাপতি গোপাল চন্দ্রসহ স্থানীয় নেতৃবৃন্দ সভায় অংশ নেন। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আমিনুর রহমান মধুর সঞ্চালনায় অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

















