প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৬ , ১০:৪২:০২ প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও পৌর শহরের বসিরপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষ আদালতে মামলা করেছেন।
ঘটনাটি ঘটে গত ৫ জানুয়ারি সোমবার রাতে। অভিযোগ অনুযায়ী, বাড়ির সামনে পূর্বপরিকল্পিতভাবে সুরাইয়া পারভীন (৪০)–কে আবু মুসা ও তার সহযোগীরা আটক করে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় আবু মুসা ধারালো রামদা দিয়ে বাবুল ইসলামকে মাথায় আঘাত করলে তিনি মারাত্মকভাবে আহত হন। বাবুল ইসলামের কপালে ১৪টি সেলাই দিতে হয়েছে। হামলায় আরও কয়েকজন আহত হন।
আহতরা হলেন, মোঃ বাবুল ইসলাম, মোঃ রাসেল হোসেন, মোঃ আব্দুল সালাম, মোছাঃ সাইমুম, মোছাঃ বন্যা উভয়ের বাড়ি বসিরপাড়া।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সুরাইয়া পারভীন পক্ষের ওপর দীর্ঘদিন ধরে আবু মুসা গং দাঙ্গাবাজ, সন্ত্রাসী ও ভূমিদস্যু আখ্যা দিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, মারধর ও নির্যাতন করে আসছিল। সহজ-সরল মানুষ মনে করে তাদের ওপর নানা ধরনের অন্যায় অত্যাচার চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়।
সুরাইয়া পারভীন বলেন, আমাদের ওপর অন্যায়ভাবে হামলা চালানো হয়েছে। আমরা ন্যায়বিচার চাই।
অন্যদিকে অভিযুক্ত আবু মুসা অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। বাটোয়ারা মামলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। প্রথমে তারাই আমার স্ত্রীর ওপর হামলা করে, পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এ বিষয়ে চিকিৎসক জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

















