প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৬ , ১০:১৩:১৮ প্রিন্ট সংস্করণ
মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি :

ঝালকাঠি -২ আসনের নির্বাচনী অনুসন্ধান কর্মকর্তা ও সিভিল জজ মোঃ আরিফ হোসেন বৃহস্পতিবার (৮ জানুয়ারি সন্ধ্যায়) পৃথক নোটিশে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এস এম নিয়ামুল করিম এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম (সিরাজী) কে দেয়া নোটিশে তাদের বক্তব্য তলব করেন।
নির্বাচনী অনুসন্ধান কর্মকর্তা প্রদত্ত নোটিশ সুত্রে জানা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর তফসিল ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যে সব প্রার্থী কে নিজ খরচে পোস্টার, ব্যানার ফেস্টুন, দেয়াল লেখন, প্যান্ডেল ও তোরন অপসারণের নির্দেশনা দেয়া হয়েছিল কিন্তি নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরেও ঝালকাঠি ও নলছিটির বিভিন্ন স্থানে এই দুই প্রার্থীর নাম ও দলীয় প্রতিক সম্বলিত পোস্টার দৃশ্যমান রয়েছে।
এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ৭ এর উপবিধি (ক) এর লঙ্ঘন।
এমতাবস্থায় কেন এ দুই প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না বা অপরাধ আমলে নিয়ে বিচারিক কার্য সম্পাদন করা হবে না -সে বিষয়ে আগামী ১১ জানুয়ারী সকাল ১১. ৩০ মিনিটে জেলা জজ আদালতের তৃতীয় তলায় রাজাপুর সিভিল জজ আদালতে সশরীরে হাজির হয়ে লিখিত বক্তব্য দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
এ বিষয়ে ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজী বলেন আমার কর্মীরা বিভিন্ন স্থানে থেকে পোস্টার ব্যানার অপসারণ করছে। তবে ভুলবশত বা অগোচরে দু একটা থাকতে পারে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি নিদিষ্ট সময়ে জবাব দাখিল করবো।
অপরদিকে জজামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এস এম নিয়ামুল করিম এর মুঠো ফোনে সাংবাদিকরা একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

















