আইটি বিশ্ব

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতায় পরামর্শ সভা

  প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৬ , ৯:১৭:৪৪ প্রিন্ট সংস্করণ

মোঃমাসুদ রানা,স্টাফ রিপোর্টারঃ

খাগড়াছড়িতে নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে আজ সমাজের জনপ্রতিনিধিদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক নেতৃবৃন্দ, সংবাদ মাধ্যম প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন এবং তাদের মতামত ব্যক্ত করেন।
পরামর্শ সভায় সভাপতিত্ব করেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম খাগড়াছড়ির সভাপতি অরুণ কান্তি চাকমা। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মানীত সদস্য নিটোল মনি চাকমা ও জয়া ত্রিপুরা।
এই সামাজিক পরামর্শ সভার মূল উদ্দেশ্য হলো স্থানীয় অংশীজনদের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে রুফটপ সোলার ব্যবহারের প্রয়োজনীয়তা, সম্ভাবনা ও সুফল তুলে ধরা এবং ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ স্থাপনের মাধ্যমে কীভাবে কর্মসংস্থান সৃষ্টি হতে পারে সেই কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করা। সভায় জ্বালানি সংকট মোকাবিলা, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং পরিবেশবান্ধব টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
আলোচনায় অংশগ্রহণকারীরা রুফটপ সোলার বাস্তবায়নে স্থানীয় পর্যায়ের চ্যালেঞ্জ, সুযোগ এবং জনগণের প্রত্যাশা তুলে ধরেন। স্থানীয় সামাজিক – সাংস্কৃতিক নেতৃবৃন্দ তাঁদের নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেন এবং কমিউনিটির মানুষকে রুফটপ সোলার বেছে নিতে উৎসাহী করার অঙ্গীকার করেন।
জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, “বসতবাড়িতে রুফটপ সোলার স্থাপন জনপ্রিয় করা সম্ভব হলে হাজার হাজার মানুষের কর্ম সংস্থানের সুযোগ হবে। সারাদেশে সোলার প্যানেলসহ এর সাথে প্রয়োজনীয় যন্ত্রাংশের একটি বিপুল বাজার সৃষ্টি হবে যা আমাদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবে এবং জ্বালানি আমদানির ওপর চাপ কমাবে।” তিনি আরও বলেন, সারাদেশে এক লক্ষ সৌর বিদ্যুৎ প্যানেল প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রায় ১ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করবে।
প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম খাগড়াছড়ির সভাপতি অরুণ কান্তি চাকমা বলেন, “ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ শুধুমাত্র বিদ্যুৎ এর চাহিদাই পূরণ করবে না বরং নেট মিটারিং এর সুবিধার ফলে আমাদেরকে আয় করতেও সাহায্য করবে।”
এই সভায় জনপ্রতিনিধিদের মতামত ও পরামর্শকে ভবিষ্যৎ অ্যাডভোকেসি কার্যক্রমে অন্তর্ভুক্ত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে অংশগ্রহণকারীদের সক্রিয় ভূমিকা ও সমন্বয় এই উদ্যোগের সফলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
রুফটপ সোলারের মাধ্যমে পরিচ্ছন্ন, সাশ্রয়ী ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থার দিকে এগিয়ে যেতে এ ধরনের কমিউনিটি ভিত্তিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
সম্মানীত অতিথি জয়া ত্রিপুরা বলেন, বিদ্যুৎ খাত আমাদের জীবনে নিত্য প্রয়োজনীয় একটি অনুষঙ্গ। সমাজের প্রতিটি মানুষ যাতে নবায়নযোগ্য বিদ্যুতের বিষয়টি অবগত হতে পারেন, সে জন্য ব্যাপক প্রচার-প্রচারণার জন্য তিনি আহবান জানান।
সম্মানীত অতিথি নিটোল মনি চাকমা বলেন, দালান নির্মাণের অনুমোদন নেওয়ার সময় সোলার প্যানেল স্থাপন বাধ্যতামূলক করা দরকার। এছাড়া সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল, হাসপাতাল ইত্যাদিও নবায়নযোগ্য জ্বালানিরে আওতায় নিয়ে আসার জন্য তিনি আহবান জানান। বিষয়টি নিয়ে তিনি জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিয়ম সভা করার আহবান জানান।
উপস্থিত ব্যক্তিবর্গ কাপ্তাই সোলার পার্কে শিক্ষা সফর করার জন্য প্রস্তাব উপস্থাপন করেন।
পরামর্শ সভায় ধারণাপত্র উপস্থাপন করেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম খাগড়াছড়ির সদস্য নারীনেত্রী নমিতা চাকমা।
সংবাদকর্মী নুরুচ্ছাফা মানিক-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম খাগড়াছড়ির সাধারণ সম্পাদক ইখিন চৌধুরী, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি কানন আচার্য্য, ইঞ্জিনিয়ার নিতু প্রসাদ চাকমা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক বিপ্লব তালুকদার, কাবিদাং-এর নির্বাহী পরিচালক লালসা চাকমা, জাবারাং কল্যাণ সমিতির কর্মসূচি পরিচালক বিনোদন ত্রিপুরা, বিশিষ্ট শিক্ষাবিদ আর্যমিত্র চাকমা প্রমুখ।

আরও খবর

Sponsered content