প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৬ , ২:৩৩:৩৪ প্রিন্ট সংস্করণ
গাইবান্ধা প্রতিনিধি,মোঃ মোনারুল ইসলাম

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি, প্রশ্ন ফাঁসসহ নানা অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক সমাজ।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের গাইবান্ধা প্রেসক্লাবের সামনে কাচারী বাজার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত ৯ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে সারা দেশের মতো গাইবান্ধাতেও এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক সমন্বয়ক আবুল বাশার, শিক্ষক তাজুল ইসলাম তমাল, আব্দুল মন্তাকিম, শিক্ষার্থী সাব্বির আহম্মেদ মুকুট, মোকাব্বির, সাগর ইসলাম, মেহেদী হাসান, আশা খাতুনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁসের কারণে মেধাবী ও যোগ্য প্রার্থীরা মারাত্মকভাবে বঞ্চিত হচ্ছেন। একটি গুরুত্বপূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় এমন অব্যবস্থাপনা পুরো শিক্ষাব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। অবিলম্বে এই বিতর্কিত পরীক্ষা বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষ পদ্ধতিতে পুনরায় পরীক্ষা গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধন থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো,১. অবিলম্বে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে দ্রুত নতুন করে পরীক্ষা গ্রহণ।২. সকল চাকরি পরীক্ষা ঢাকায় আয়োজন এবং প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জ্যামার স্থাপন।৩.একটি স্বতন্ত্র কমিটি গঠন করে তার আওতায় সকল নিয়োগ পরীক্ষা গ্রহণ এবং একই দিনে একই সময়ে একাধিক পরীক্ষা না নেওয়া।৪. যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতীতে প্রশ্ন ফাঁসের অভিযোগ রয়েছে, তাদের কোনোভাবেই প্রশ্ন প্রণয়নের দায়িত্ব না দেওয়া।৫. প্রশ্ন ফাঁস প্রমাণিত হলে জড়িত সকলকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা এবং দায়ী প্রতিষ্ঠানের প্রধানকে স্বেচ্ছায় পদত্যাগ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

















