প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬ , ৩:৫৪:৩৯ প্রিন্ট সংস্করণ
আল মিরাজ, নীলফামারী জেলা প্রতিনিধি :

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে নীলফামারীর গ্যাস ডিলার ও ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সভায় নীলফামারী জেলা এলপিজি ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এবিএম মনজুরুল আলম সিয়াম ও সদস্য সচিব মোঃ আক্তার হোসেন উপস্থিত ছিলেন। তারা বক্তব্যে জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক নির্ধারিত এলপিজির মূল্যের সঙ্গে বিভিন্ন কোম্পানির নির্ধারিত বিক্রয়মূল্যের অসামঞ্জস্যতা রয়েছে। এ কারণে বাজারে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। বিষয়টি সমন্বয়ের মাধ্যমে নিরসনের পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনার ক্ষেত্রে নীতিগত দিক বিবেচনার দাবি জানান তারা।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শামছুল ইসলাম, কৃষি বিপণন কেন্দ্রের বাজার মনিটরিং কর্মকর্তা এরশাদ আলম খানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
এ সময় এলপিজি ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের সদস্য ও ওমেরা গ্যাসের ডিলার বুলু জানান, বর্তমানে দেশে নিবন্ধিত ৩৪টি এলপিজি কোম্পানির মধ্যে মাত্র চার থেকে পাঁচটি কোম্পানি নিয়মিত গ্যাস সরবরাহ করছে। তবে সংকটময় এই পরিস্থিতিতেও নীলফামারী জেলায় গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ডিলাররা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

















