প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬ , ১২:৩৮:৪৬ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, নবী ওয়ালিউল্লাহ

রাজশাহীতে ট্রায়ালের নামে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে উধাও হওয়ার অভিযোগে যুবদলের মহানগর কমিটির আহ্বায়ক কমিটির সদস্য এস এম সফিক মাহমুদ (তন্ময়)কে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গ্যারেজ মালিক নূর আহমেদ অভিযোগ করেন, এস এম সফিক মাহমুদ তন্ময় ট্রায়ালের কথা বলে তার গ্যারেজ থেকে একটি গাড়ি নিয়ে যান এবং পরে আর ফেরত দেননি। এ ঘটনায় রোববার দুপুরে ভুক্তভোগী গ্যারেজ মালিক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনার পরিপ্রেক্ষিতে যুবদল কেন্দ্রীয় নেতৃত্ব দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে এস এম সফিক মাহমুদ তন্ময়কে প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে এই বহিষ্কার কার্যকর হয়েছে। পাশাপাশি বহিষ্কৃত নেতার কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল বহন করবে না বলেও জানানো হয়।

















