প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ৫:৫৮:৪৪ প্রিন্ট সংস্করণ
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চারজনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই ঘটনায় একটি ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করে জিজ্ঞাসাবাদের জন্য উপজেলায় নেওয়া হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অভিযোগের সত্যতা পাওয়ায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এ অর্থদণ্ড আরোপ করেন।
জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—ব্রহ্মগাছা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নূরনবী এবং কয়ড়া গ্রামের জাহাঙ্গীর আলম, আলী আকবর ও আলম।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা ভবিষ্যতে নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন—এ মর্মে লিখিত মুচলেকা দিয়েছেন বলে জানিয়েছে প্রশাসন।
এদিকে একই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আবুল খায়ের শেখকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রায়গঞ্জ উপজেলায় নেওয়া হয়েছে। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘুরকা শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা।
প্রশাসনের কর্মকর্তারা জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

















