প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১৯:০৮ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার,নবী ওয়ালিউল্লাহ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ ও একটি সিএনজিসহ এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) রবিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) রাত ৯টার দিকে এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপি’র একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী গ্রামের নতুন ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালায়।
অভিযানে মোঃ ফরিদ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার চককৃর্ত্তি গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। এ সময় তার কাছ থেকে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ভারতীয় ৭৮ বোতল নেশাজাতীয় Eskuf DX সিরাপ এবং একটি টিভিএস ব্র্যান্ডের সিএনজি জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জব্দকৃত নেশাজাতীয় সিরাপ ও সিএনজি শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হচ্ছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, গত তিন মাসে মহানন্দা ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ফেন্সিডিলের বিকল্পসহ বিভিন্ন ধরনের প্রায় ৩ হাজার ১০০ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।

















