রাজনীতি

ধানের শীষের প্রার্থী ভিপি আয়নুল হককে নিয়ে নির্বাচনী সংগীত গেয়ে আলোচনায় রোমেল

  প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৬ , ১২:৩০:৩৫ প্রিন্ট সংস্করণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ভিপি আয়নুল হক-কে নিয়ে নির্বাচনী সংগীত গেয়ে আলোচনায় এসেছেন রায়গঞ্জ উপজেলার তরুণ শিল্পী এহতেশাম তালুকদার রোমেল।

রোমেল রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈখন্ঠপুর গ্রামের বাসিন্দা। তিনি সিরাজগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ তালুকদার-এর ছেলে।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রোমেল নিজেই এই নির্বাচনী সংগীতটি রচনা ও পরিবেশন করেন। এতে ভিপি আয়নুল হকের রাজনৈতিক অবস্থান, সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা এবং এলাকার উন্নয়ন প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। সংগীতটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থানীয় পর্যায়ে আলোচনা সৃষ্টি করে।

এছাড়াও রোমেলের গাওয়া ‘ঘুমের দেশে যাবি চল’ সহ আরও অসংখ্য গান ইতোমধ্যে সাধারণ মানুষের মন জয় করেছে। আবেগঘন কথা ও সহজ সুরের কারণে তাঁর গানগুলো বিভিন্ন বয়সী শ্রোতার কাছে জনপ্রিয়তা পেয়েছে বলে জানান স্থানীয়রা।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, প্রচলিত মাইকিং ও পোস্টারনির্ভর প্রচারণার বাইরে এ ধরনের সৃজনশীল উদ্যোগ ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে সংগীতটি ইতিবাচক সাড়া ফেলেছে।

এ বিষয়ে এহতেশাম তালুকদার রোমেল বলেন,“গানের মাধ্যমে মানুষের অনুভূতিতে সহজে পৌঁছানো যায়। একজন যোগ্য প্রার্থীর পক্ষে সাধারণ মানুষের প্রত্যাশা তুলে ধরতেই এই নির্বাচনী সংগীত করেছি।”

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এমন ব্যতিক্রমী ও সাংস্কৃতিক প্রচারণা নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করছে।

আরও খবর

Sponsered content