প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৫ , ৩:৪৫:৩৪ প্রিন্ট সংস্করণ
শাহারুল ইসলাম, গাইবান্ধা:

গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২৮ অক্টোবর মঙ্গলবার বিকেলে পৌর শহরের চৌমাথা মোড়ে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র গাইবান্ধা জেলা সভাপতি ও পলাশবাড়ী-সাদুল্লাপুর আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক।
তিনি তার বক্তব্যে বলেন, যুবদল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সংগঠন। তরুণ প্রজন্মের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলই আগামী দিনের নেতৃত্ব দেবে। তিনি আরও বলেন, তরুণদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা সম্ভব হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাগর সরকার মিনু ও সদস্য সচিব রাজু আহমেদ প্রমূখ।
বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে হবে। আলোচনা সভা শেষে বিপুলসংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে এক বিশাল র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উৎসবমুখর এ আয়োজনকে ঘিরে শহরজুড়ে ছিল নেতাকর্মীদের উপস্থিতি ও উচ্ছ্বাস।

















