চট্টগ্রাম

মতলব প্রেসক্লাবে প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, গঠনতন্ত্র উপেক্ষার গুরুতর অভিযোগ

  প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৬ , ৪:৫২:১২ প্রিন্ট সংস্করণ

বিশেষ প্রতিনিধি মোঃ তপছিল হাছানঃ

মতলব প্রেসক্লাবের অভ্যন্তরে একটি বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তকে কেন্দ্র করে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। প্রেসক্লাব থেকে পূর্বে বহিষ্কৃত সদস্য মাফুজ মল্লিককে পুনরায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে সদস্য যাচাই কার্যক্রমের আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে—যা প্রেসক্লাবের গঠনতন্ত্র, নিয়মনীতি ও শৃঙ্খলার সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ উঠেছে।
প্রেসক্লাব ও স্থানীয় একাধিক জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মীর দাবি, বহিষ্কৃত একজন ব্যক্তিকে এ ধরনের সংবেদনশীল ও কর্তৃত্বপূর্ণ দায়িত্ব প্রদান কেবল সাংগঠনিক নীতিমালার পরিপন্থী নয়, বরং পুরো সদস্য যাচাই প্রক্রিয়াকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করে তুলেছে। তাদের মতে, এই সিদ্ধান্ত প্রেসক্লাবের দীর্ঘদিনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি সংগঠনের স্বচ্ছতা ও নিরপেক্ষতার ওপর গুরুতর আঘাত হেনেছে।
এ বিষয়ে মতলবের গণমাধ্যমকর্মী ও প্রেসক্লাবের সাবেক একাধিক সদস্য স্পষ্ট ভাষায় জানান, গঠনতন্ত্র ও নিয়মনীতি উপেক্ষা করে কোনো কমিটি বা কার্যক্রম পরিচালনা করা হলে তারা আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হবেন। একই সঙ্গে অভিযোগ ওঠে, সরকারের ছত্রছায়ায় ও রাজনৈতিক দলের দালালদের প্রভাব খাটিয়ে প্রেসক্লাবের ভেতরে কোনো কমিটি গঠনের অপচেষ্টা করা হলে সংশ্লিষ্টদের কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।
এদিকে এ গুরুতর অভিযোগ ও বিতর্কের বিষয়ে এখনো পর্যন্ত প্রেসক্লাবের দায়িত্বশীল মহলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে সাংবাদিক সমাজে সন্দেহ, ক্ষোভ ও উদ্বেগ ক্রমেই ঘনীভূত হচ্ছে।

আরও খবর

Sponsered content