প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৬ , ৯:০৪:২৩ প্রিন্ট সংস্করণ
রেজাউল করিম, উখিয়া প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উখিয়া উপজেলা সভাপতি সাইফুল ইসলাম বলেছেন, মায়ানমার সীমান্তবর্তী এলাকায় মাদক, অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হলে প্রথমেই সীমান্তের চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি অভিযোগ করে বলেন, প্রতিদিন আরাকান আর্মি (মগবাগী) সংশ্লিষ্ট গোষ্ঠীর কাছে বাংলাদেশ থেকে বাজারের খাদ্যসামগ্রী, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও আসবাবপত্র পাচার করা হচ্ছে, যা সীমান্তকে আরও অস্থিতিশীল করে তুলছে।
তিনি আরও বলেন, এই চোরাচালান সিন্ডিকেটগুলো ধরা পড়লে সীমান্ত এলাকায় মাদক প্রবাহ ও সন্ত্রাসী তৎপরতা অনেকাংশে কমে আসবে। কিন্তু দুঃখজনকভাবে এখনো এসব অপরাধী চক্র প্রকাশ্যে দাপটের সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি জোর দিয়ে বলেন, মায়ানমার সীমান্তের সকল চোরাকারবারির বিরুদ্ধে দ্রুত যৌথ বাহিনীর সমন্বিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করতে হবে। একই সাথে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান তিনি।
এসময় তিনি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সচেতন মহলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

















