রংপুর

গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬ , ১২:২৪:৪৩ প্রিন্ট সংস্করণ

মিরাজ, নীলফামারী জেলা প্রতিনিধি

১২ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ডিমলা উপজেলার ৩নং ডিমলা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আফজালুল বাসার, উপজেলা কো-অর্ডিনেটর।

আলোচনা সভায় গ্রাম আদালতের কার্যক্রম, উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। গ্রাম আদালতের মাধ্যমে কীভাবে স্বল্প সময়ে, স্বল্প ব্যয়ে ও সহজ প্রক্রিয়ায় স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি করা যায়—সে বিষয়ে উপস্থিত সুধীজনদের অবহিত করা হয়। এছাড়াও গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলাসমূহ, আবেদন প্রক্রিয়া, বিচার কার্যক্রম এবং রায় বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আফজালুল বাসার তাঁর বক্তব্যে বলেন, গ্রাম আদালত স্থানীয় জনগণের ন্যায়বিচার প্রাপ্তির একটি কার্যকর মাধ্যম। সাধারণ জনগণের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেলে আদালতের উপর চাপ কমবে এবং সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকবে। তিনি সবাইকে গ্রাম আদালতের সেবা গ্রহণে আগ্রহী হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গ্রাম পুলিশ, উপকারভোগী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উপস্থিত অংশগ্রহণকারীরা গ্রাম আদালত বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং আলোচক সেগুলোর সন্তোষজনক উত্তর প্রদান করেন।

সচেতনতামূলক এই আলোচনা সভার মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক ধারণা সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করা হয়।

আরও খবর

Sponsered content