প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৬ , ১১:২৩:৫৮ প্রিন্ট সংস্করণ
উখিয়া প্রতিনিধি, রেজাউল করিম

ঐতিহ্যবাহী থিমছড়ি স্টেশন ডাংগুলি টুর্নামেন্টে বৃহস্পতিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে থিমছড়ি জুনিয়র ও খেওয়াছড়ি জাহাঙ্গীর একাদশের মধ্যে অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২০০ পয়েন্টের ব্যবধানে জয় তুলে নেয় খেওয়াছড়ি জাহাঙ্গীর একাদশ।
উত্তেজনাপূর্ণ এই জয়ের মধ্য দিয়ে খেওয়াছড়ি জাহাঙ্গীর একাদশ টুর্নামেন্টের সেমিফাইনাল পর্ব নিশ্চিত করে। মাঠজুড়ে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর ছিল পুরো পরিবেশ।
দলের এই দাপুটে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন উখিয়া উপজেলার সেরা ডাংগুলি খেলোয়াড় হিসেবে পরিচিত জালাল আহাম্মদ প্রকাশ জলু। তার অসাধারণ কৌশল, নিখুঁত নিশানা ও ধারাবাহিক পারফরম্যান্সে প্রতিপক্ষ দলকে কোণঠাসা করে দেয় খেওয়াছড়ি জাহাঙ্গীর একাদশ।
ম্যাচ শেষে দলের পক্ষ থেকে জানানো হয়, এই সাফল্যের পেছনে রয়েছে দলের প্রতিটি খেলোয়াড়ের ঐকান্তিক প্রচেষ্টা ও পরিশ্রম। তারা নিজেদের টিম ও খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এমন সুন্দর ও উপভোগ্য খেলা উপহার দেওয়ার জন্য প্রত্যেক খেলোয়াড় প্রশংসার দাবিদার।
ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং আগামী ম্যাচগুলোকে কেন্দ্র করে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে।

















