প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৬ , ১০:৩৭:৫২ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জ থেকে, ইলিয়াস আলী মাসুক

হবিগঞ্জ ৫৫ বিজিবির একটি বিষেশ টহল দল পৃথক অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় গোপনে ট্রাক ভর্তি ধানের তুষের নিচে লুকিয়ে পরিবহনকালে ৬২ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস ও গাঁজা জব্দ করেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে সর্তকতার সাথে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি-র) একটি চৌকশ টিম মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্সসহ গাঁজা জব্দ করেছে, যার সিজার মূল্য প্রায় ৬২ লক্ষ টাকা।
বিজিবি সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল গত ১৫ জানুয়ারি ২০২৬ তারিখ সীমান্ত হতে ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত ভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে। পরবর্তীতে সন্ধ্যা ০৬ টার দিকে ০১টি ট্রাক আসতে দেখে গাড়ীটি সংকেত দিয়ে থামানো হয়। উক্ত ট্রাকটি তল্লাশী করে ধানের তুষ ভর্তি বস্তার নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় পরিবহনকালে ভারতীয় বিপুল পরিমান কসমেটিকস দেখতে পাওয়া যায়। তাৎক্ষনিকভাবে ভারতীয় অবৈধ কসমেটিকস গুলো জব্দ করা হয়।
এছাড়াও গত ১৫ জানুয়ারি ২০২৬ তারিখ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপির বিশেষ টহলদল রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটের সময় সীমান্ত হতে ৫০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে খাসপাড়া রাবার নামক স্থান হতে তল্লাশী চালিয়ে ঝোপঝাড়ের মধ্যে লুকানো অবস্থায় মালিকবিহীন ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকৃত ভারতীয় কসমেটিকস ও গাঁজার মোট সিজার মূল্য প্রায় ৬২ লক্ষ টাকা।
জব্দকৃত চোরাইপণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তারা। মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সীমান্তবর্তী সচেতন জনগণকে সহযোগিতার আহবান জানিয়েছে বিজিবি।

















