জাতীয়

কুড়িগ্রামের রৌমারীতে ভোট গ্রহনের দায়িত্বে আওয়ামীলীগ নেতা- সমর্থকদের অন্তর্ভুক্ত করার অভিযোগ

  প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৬ , ১১:৪২:১৮ প্রিন্ট সংস্করণ

আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের রৌমারীতে ভোট গ্রহণের দায়িত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারী নেতা- সমর্থকদের তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে সহকারী রির্টানিং কর্মকর্তার বিরুদ্ধে। এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলার সর্বত্র মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

অভিযোগ উঠছে, সহকারী রিটার্নিং কর্মকর্তা
আলাউদ্দিন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা লিটু আহমেদের সঠিক যাচাই-বাছাই না করে মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের পদধারী নেতা- সমর্থক শিক্ষক- স্বাস্থ্যসহকারী ও ব্যাংক কর্মকর্তাদের নির্বাচনে ভোটগ্রহণের জন্য নাম অন্তর্ভুক্ত করেছন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক এমন অভিযোগ করে বলেন, বিষয়টি তদন্ত হওয়া প্রয়োজন। তারা নিরপেক্ষ ব্যক্তিদের ভোট গ্রহণের দায়িত্ব দেয়ার দাবী জানান।

ভোটগ্রহণের পোলিং অফিসার, সহকারী প্রিসাইডিং ও প্রিসাইডিং কর্মকর্তার চূড়ান্ত তালিকা ধরে অনুসন্ধান করে দেখা গেছে, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ৪০০ জনের মধ্যে ৫০ জন আওয়ামীলীগ পদধারী নেতা- সমর্থক রয়েছেন। তাদের মধ্যে তালিকায় থাকা ব্যাচ-৭ এর ৪১ নম্বর ক্রমিকের আনিসুর রহমান। তিনি উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এছাড়া ব্যাচ-১০ এর ৪১ নম্বর ক্রমিকের সিরাজুল ইসলাম। তিনি যাদুরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এং যাদুরচর মহিউস্ সুন্নাহ আলিম মাদ্রাসার শিক্ষক। ব্যাচ-৪ এর ৮ নম্বর ক্রমিকের মো. ফুল মিয়া। তিনি যাদুরচর ইউনিয়ন যুবলীগের ৮ নম্বর ওয়ার্ডের সহসভাপতি এবং কুটিরচর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক।

প্রিসাইডিং কর্মকর্তা ৬৬ জনের মধ্যে ১৫ জন আওয়ামীলীগ পদধারী-সমর্থক। ওই তালিকায় ব্যাচ-১ এর ১২ নম্বর ক্রমিকের মির্জা রকিম আহমেদ। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং সোনালী ব্যাংক কর্তিমারী শাখায় কর্মরত। এ ছাড়া ব্যাচ-২ এর ১ ক্রমিক নম্বর মিজানুর রহমান যাদুচর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। তিনি কোমরভাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

পোলিং অফিসার ৭৮৮ জনের মধ্যে ব্যাচ-২২ এর ৩০ নম্বর ক্রমিকের সানোয়ার হোসেন। তিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি নতুন বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ব্যাচ-১৩ এর ৮ ক্রমিকের সাদিকুল ইসলাম। তিনি স্বাস্থ্য সহকারী এবং দাঁতভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এর বাইরে তালিকায় নিষিদ্ধ আওয়ামীলীগের শতাধিক পদধারী সমর্থকও রয়েছে বলে অভিযোগ লকারীরা জানায়। ইতোমধ্যে ভোটগ্রহণের জন্য তাদের প্রশিক্ষণের মাধ্যমে চূড়ান্ত তালিকা করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা লিটু আহমেদ মিডিয়া প্রতিনিধিদের জানান, নির্বাচনে ভোটগ্রহণের ব্যক্তিদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দেয়া হবে।

অভিযোগের বিষয়ে কুড়িগ্রাম-৪ আসনের রৌমারী উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তা ও ইউএনও আলাউদ্দিন বলেছেন, তালিকা প্রকাশ করেছে উপজেলা নির্বাচন অফিসার। এ বিষয়ে আমি বিস্তারিত জানি না।

আরও খবর

Sponsered content